দিলীপ গোয়ালা (ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) দপ্তরে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের নামে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট মহলের দাবি, নানা প্রকল্পের আড়ালে অর্থ লোপাটের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তৎকালীন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের অভিযোগ অনুযায়ী, দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও ঠিকাদারদের একটি অংশের সঙ্গে যোগসাজশ করে কাজ না করেই ভুয়া মাস্টার রোল জমা দিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে। বিশেষ করে ২০২৪-২৫ অর্থবছরে একাধিক প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। বেশ কয়েকটি ইউনিয়নে উন্নয়নমূলক কাজ কেবল কাগজে-কলমে বা নামমাত্র হয়েছে বলে স্থানীয়ভাবে ক্ষোভ রয়েছে। এতে সরকারের বিপুল পরিমাণ অর্থের অপচয় ও ক্ষতি হয়েছে বলে অভিযোগকারীরা দাবি করেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সরেজমিনে গফরগাঁও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে গেলে তাকে সেখানে পাওয়া যায়নি। এ সময় তার দপ্তরের সহকারী জানান, তিনি বদলি হয়ে অন্যত্র চলে গেছেন।
পরবর্তীতে মুঠোফোনে মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেন এবং ময়মনসিংহ সদর পিআইও কার্যালয়ে যেতে বলেন। নির্ধারিত স্থানে তার সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন প্রকল্প ও ওঠা অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি সব কথা শুনলেও কোনো স্পষ্ট উত্তর না দিয়ে কৌশলে বিষয়টি এড়িয়ে যান।
এ বিষয়ে দূদক সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুষ্ঠু তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।