নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে কিশোর আবদুল মোতালিব হত্যার মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে আবারও জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। তাকে সাতদিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক এ আবেদন করেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাঈদ খোকনের উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানি হবে।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৭ নভেম্বর একই মামলায় সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। ওইদিন সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে এসআরবি। পরে তাকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার মিছিলে গুলিবিদ্ধ হয়ে মারা যায় কিশোর আবদুল মোতালিব।
এ ঘটনায় নিহতের বাবা আব্দুল মতিন ২৬ আগস্ট ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়।
বর্তমানদিন/ফআ