আন্তর্জাতিক ডেস্ক
চীন থেকে বাংলাদেশের মোংলা বন্দরের উদ্দেশে আসা একটি পণ্যবাহী জাহাজ আটক করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। জাহাজটিতে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট পাওয়া গেছে, যা রকেট ও ক্ষেপণাস্ত্রের জ্বালানি তৈরিতে ব্যবহৃত একটি কৌশলগত রাসায়নিক পদার্থ। এ ছাড়া জাহাজটি থেকে নিবন্ধনবিহীন কয়েক মিলিয়ন ফোরজি প্রযুক্তির খালি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
কমোরোসের পতাকাবাহী ‘এমভি স্টার লাইন’ নামের জাহাজটি গত ৭ নভেম্বর ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলে আটক করা হয়। জাহাজটির আন্তর্জাতিক শনাক্তকরণ নম্বর ৮৩৫৬৯৬২। এটি চীনের লিয়ানইউনগাং বন্দর থেকে বাংলাদেশের মোংলা বন্দরের উদ্দেশে যাত্রা করেছিল।
ইন্দোনেশিয়ার নৌবাহিনী ২০ নভেম্বর জাহাজটি আটকের তথ্য প্রকাশ করে। বাহিনীটি জানায়, সন্দেহজনক গতিবিধি শনাক্ত করার পর তাদের টহল জাহাজ ‘কেআরআই সিগালু-৮৫৭’ অভিযান চালিয়ে পণ্যবাহী জাহাজটি আটক করে।
অভিযোগ রয়েছে, জাহাজটি বেতার যোগাযোগের মাধ্যমে পাঠানো আহ্বানে সাড়া দেয়নি। তল্লাশিতে জাহাজটির নিবন্ধন স্থগিত থাকার তথ্য পাওয়া যায়। পাশাপাশি পণ্য পরিবহনসংক্রান্ত নথিপত্র জাল করা হয়ে থাকতে পারে বলেও সন্দেহ করছেন তদন্তকারীরা।
জাহাজটির ৩৬টি কনটেইনার তল্লাশি করে ১৫টি কনটেইনারে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট পাওয়া যায়। এ ছাড়া ৫৪টি পণ্যবাহী প্যালেটে কয়েক মিলিয়ন নিবন্ধনবিহীন খালি সিম কার্ড পাওয়া গেছে।
ইন্দোনেশিয়ার নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সোডিয়াম পারক্লোরেট একটি কৌশলগত জারক রাসায়নিক, যা রকেট ও ক্ষেপণাস্ত্রের জ্বালানি তৈরিতে ব্যবহৃত হয়। উদ্ধার করা রাসায়নিকের পরিমাণ দিয়ে সর্বোচ্চ ১০০টি ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব হতে পারে।
জাহাজ কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, জাহাজটির গত ৮ নভেম্বর মোংলা বন্দরে পৌঁছানোর কথা ছিল। তবে যাত্রাপথে নির্ধারিত সূচির বাইরে জ্বালানি সংগ্রহের প্রয়োজনে ইন্দোনেশিয়ার জলসীমায় গিয়ে এটি থামানো হয়।
এদিকে বিপুল পরিমাণ রাসায়নিক ও সিম কার্ডের প্রকৃত আমদানিকারক কে এবং এসব পণ্য কাদের কাছে পৌঁছানোর কথা ছিল, তা এখনো জানা যায়নি।
শুল্ক বিভাগের সূত্রগুলো জানিয়েছে, সাধারণত আমদানি পণ্যের সাধারণ ঘোষণাপত্রের মাধ্যমে আমদানিকারকের পরিচয় শনাক্ত করা যায়। কিন্তু জাহাজটি বাংলাদেশে পৌঁছানোর আগেই আটক হওয়ায় আমদানিকারক ও চালানের গন্তব্য সম্পর্কে নিশ্চিত হতে আরও তদন্ত প্রয়োজন।
ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জাহাজটির নাবিক ও কর্মীদের পাশাপাশি পণ্য পরিবহনসংক্রান্ত নথিপত্র এবং জব্দ করা পণ্যের মালিকানা নিয়ে তদন্ত করছে।
বর্তমানদিন/ফআ