দিলীপ গোয়ালা, ময়মনসিংহ:
নেত্রকোনায় সরকারি জনকল্যাণমুখী নানা প্রকল্পে নজিরবিহীন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নায়েব আলী খানের বিরুদ্ধে। ঠিকাদারদের সাথে গোপন বৈঠক, অসম্পূর্ণ কাজে বিল পরিশোধ এবং সরকারি মালামাল গোপনে বিক্রি করে লাখ লাখ টাকা পকেটে পুরছেন বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
জেলা ও উপজেলা পর্যায়ের সরেজমিন তথ্যে জানা যায়, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামীণ এলাকায় সেমিপাকা নলকূপ স্থাপন, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং স্কুলের স্যানিটেশন প্রকল্পের কাজ সঠিকভাবে সম্পন্নই করা হয়নি। অথচ কাজ শেষ না হতেই সংশ্লিষ্ট ঠিকাদারদের সমুদয় বিল পেমেন্ট বা পরিশোধ করে দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, স্যানিটেশন কাজের জন্য ব্যবহৃত সরঞ্জাম ও মালামাল অত্যন্ত নিম্নমানের।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, কয়েকদিন আগে ১১৭টি সরকারি পানির ট্যাংক, অনেকগুলো সাবমার্সিবল মটর, ৩৫ টিপ কলের মাথা, পানির পাইপ সহ বিপুল পরিমাণ সরকারি সামগ্রী স্থানীয় বাজারে গোপনে বিক্রি করে দেওয়া হয়েছে। এভাবে জনগণের প্রাপ্য জিনিসপত্র বিক্রি করে কোটি কোটি টাকা দূর্ণীতির মাধ্যমে সরকারের মোটা অংকের আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি সচেতন মহলের।
এসব গুরুতর অভিযোগের বিষয়ে কথা বলতে নির্বাহী প্রকৌশলী নায়েব আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি কৌশলে এড়িয়ে যান এবং কোনো স্পষ্ট বক্তব্য দিতে রাজি হননি। তিনি জানান এই সরকার আসার পর তেমন কাজই হয়নি আমি অনিয়ম করবো কিভাবে? তিনি বলেন, আমি মিডিয়াকর্মীদের সবসময় সম্মানের চোখে দেখি এবং এই শ্রদ্ধাবোধ সবসময় বজায় থাকবে।
অনুসন্ধানে জানা যায়, এর আগে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় দীর্ঘদিন প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন নায়েব আলী। সেখানে সাবেক এমপি খালেদ বাবুর ক্ষমতার প্রভাব ছড়িয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেন এবং অনৈতিক সুবিধা নিয়ে পদোন্নতিও হাসিল করেন বলে অভিযোগ রয়েছে।
নায়েব আলীর লাগামহীন অনিয়ম ও দুর্নীতিকে পেশা হিসেবে বেছে নেওয়ার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ময়মনসিংহের মুক্তাগাছা এবং নেত্রকোনা জেলা ও উপজেলার সাধারণ জনগণ। তারা অবিলম্বে এই দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক কঠিন শাস্তির দাবি জানিয়েছেন।