বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
ইন্দোনেশিয়ায় আটক ‘এমভি স্টার লাইন’ বাংলাদেশগামী হওয়ার কোন তথ্য নেই
  Date : 25-11-2026
Share Button

 ডেস্ক রিপোর্ট

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলীয় জলসীমায় আটক কমোরোসের পতাকাবাহী কার্গো জাহাজ ‘এমভি স্টার লাইন’ বর্তমানে দেশটির নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং নাবিকদের জিজ্ঞাসাবাদ ও যৌথ তদন্ত চলছে। গত ৭ নভেম্বর জাহাজটি আটক করা হলেও ২০-২১ নভেম্বর ইন্দোনেশিয়ার নৌবাহিনী আনুষ্ঠানিকভাবে বিষয়টি প্রকাশ করে।

নৌবাহিনীর হেফাজতে জাহাজ: আটকের পর থেকে জাহাজটি বেলাওয়ানে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড-১ (কোদেরাল-১) সদর দপ্তরের নিয়ন্ত্রণে নোঙর করা আছে।

যৌথ তদন্ত ও জিজ্ঞাসাবাদ: নৌবাহিনীর আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা জানিয়েছেন, জাহাজের ক্যাপ্টেন, নাবিক ও সংশ্লিষ্ট সাক্ষীদের জিজ্ঞাসাবাদ চলছে। নৌবাহিনী, কাস্টমস, পুলিশ, ফরেনসিক ল্যাব ও অভিবাসন বিভাগ যৌথভাবে এই তদন্ত পরিচালনা করছে।
নাবিকদের পরিচয়: ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে জাহাজে থাকা ক্রু বা নাবিকদের মোট সংখ্যা এবং তাঁদের নাগরিকত্ব প্রকাশ করেনি।
বাজেয়াপ্ত ও মামলার সম্ভাবনা: জাহাজটির নিবন্ধন নথি স্থগিত (সাসপেন্ডেড) অবস্থায় পাওয়া গেছে এবং পরিবহন নথিপত্র জাল হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। শুল্ক ফাঁকি ও বিপজ্জনক পণ্য পরিবহন বিধি লঙ্ঘন প্রমাণিত হলে জাহাজ ও পণ্য রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত হতে পারে এবং মালিক ও নাবিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে পারে।

জাহাজে কী কী পাওয়া গেছে?
৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট: জাহাজে থাকা ৩৬টি কন্টেইনারের মধ্যে ১৫টিতে মোট ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট নামক রাসায়নিক পদার্থ পাওয়া গেছে। এটি অত্যন্ত শক্তিশালী জারক পদার্থ, যা শিল্পকারখানার পাশাপাশি রকেট বা ক্ষেপণাস্ত্রের জ্বালানি ও বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়।
অনিবন্ধিত সিম কার্ড: এ ছাড়া ৫৪টি প্যালেটে সাজানো কয়েক লাখ অনিবন্ধিত ও ফাঁকা ফোরজি এলটিই সিম কার্ড জব্দ করা হয়েছে।

মোংলা ও চট্টগ্রাম বন্দরের বক্তব্য: জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট ‘ভেসেল ফাইন্ডার’-এর তথ্যে জাহাজটির গন্তব্য বাংলাদেশের মোংলা বন্দর হিসেবে দেখানো হয়েছিল। তবে মোংলা বন্দর কর্তৃপক্ষ, মোংলা কাস্টমস এবং নৌপরিবহন মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে যে, এই জাহাজের বাংলাদেশে আসার বিষয়ে কোনো ঘোষণা (আইজিএম) বা আনুষ্ঠানিক তথ্য তাদের কাছে নেই। বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজটির কোনো স্থানীয় শিপিং এজেন্ট নিয়োগেরও তথ্য নেই এবং বাংলাদেশে এই জাহাজ আসার বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

ইন্দোনেশিয়ায় আটক সেই জাহাজের বাংলাদেশগামী হওয়ার ‘তথ্য নেই’ : ইন্দোনেশিয়ায় সোডিয়াম পারক্লোরেটসহ জব্দ জাহাজের বাংলাদেশগামী হওয়ার কোনো ‘তথ্য নেই’ বলে দাবি করেছেন মোংলা ও চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা।

বিপুল রাসায়নিকের চালানসহ জাহাজটি আটকের পর ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যমে সেটি মোংলামুখী বলে দাবি করা হয়। মোংলা কাস্টমস বলেছে, এই জাহাজ মোংলা বন্দরে আসার বিষয়ে কোনো ‘ইমপোর্ট জেনারেল মেনিফেস্ট’ (আইজিএম) দাখিল করা হয়নি। আইজিএমে পণ্যের বিবরণ, আমদানিকারক, রপ্তানিকারক এবং জাহাজের গন্তব্যসহ বিস্তারিত তথ্য থাকে।

চট্টগ্রাম কাস্টমসের কাছেও ‘এমভি স্টার লাইন’ নামে জাহাজটির বাংলাদেশমুখী হওয়ার বিষয়ে কোনো তথ্য নেই। তাই এই জাহাজে সোডিয়াম পারক্লোরেটের আমদানিকারক প্রতিষ্ঠান কারা এবং কী কাজে এই রাসায়নিক আনা হচ্ছিল, সে বিষয়ে কোনো তথ্যও নেই। সংশ্লিষ্টরা বলেছেন, আগে আইজিএম ঘোষণা না করায় জাহাজটি আদৌ বাংলাদেশের দিকে আসছিল কিনা সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ এ বিষয়ে নিশ্চিত তথ্য জানাতে পারবে।

বাংলাদেশের টেক্সটাইল, প্লাস্টিক, পিভিসি পাইপ তৈরিসহ বিভিন্ন শিল্পে সোডিয়াম পারক্লোরেটের ব্যবহার রয়েছে। সোডিয়াম পারক্লোরেট বিস্ফোরক তৈরিতেও ব্যবহার করা হয়। উচ্চমাত্রার জারক হওয়া সোডিয়াম পারক্লোরেট আমদানিতে কিছু বিধিনিষেধ মানতে হয়। আগে আমদানি হলেও চট্টগ্রাম বন্দর দিয়ে ২০২৫ সালের জুলাই থেকে আর এই রাসায়নিক আমদানি হয়নি বলে তথ্য দিয়েছেন বন্দরের কর্মকর্তারা।

মোংলা কাস্টম হাউজের কমিশনার মো. গিয়াস কামাল জানান, “এমভি স্টার লাইন নামে ওই জাহাজের কোনো আইজিএম এখন পর্যন্ত জমা পড়েনি। কাজেই জাহাজটি মোংলামুখী, এমন কোনো তথ্য নেই। তাছাড়া জাহাজটি বাংলাদেশের সমুদ্রসীমাতেও আসেনি। “মোংলা বন্দর দিয়ে বিভিন্ন রাসায়নিক আমদানি হয়। সেটা যথাযথ অনুমোদন সাপেক্ষে হয়ে থাকে।”

চট্টগ্রাম কাস্টম হাউজের সহকারি কমিশনার ও মুখপাত্র শরীফ মোহাম্মদ আল আমিন জানান, “এমভি স্টার লাইন চট্টগ্রাম বন্দরে আসবে, এমন কোনো আইজিএম সাবমিট করেনি। জাহাজটি আমাদের জলসীমাতেও আসেনি। “কাজেই সেখানে কী ধরণের পণ্য ছিল বা কোন উদ্দেশ্যে তারা কী কী পণ্য আনছে, সে বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। যখন কোনো জাহাজ পণ্য আমদানির ঘোষণা দেয় এবং তারপর আমাদের জলসীমায় আসে, তখন কাস্টমস সেগুলো পরীক্ষা করতে পারে।” চট্টগ্রাম বন্দর দিয়ে সোডিয়াম পারক্লোরেট আমদানির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “২০২৫ সালের জুলাই থেকে গত দেড় বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে কোনো সোডিয়াম পারক্লোরেট আমদানি করা হয়নি।”

বাংলাদেশ রসায়ন সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইদ্রিস আলী জানান, “উন্নত মানের অক্সিডাইজার (অক্সিজেন সরবরাহকারী) হিসেবে সোডিয়াম পারক্লোরেটের ব্যবহার আছে রাসায়নিক শিল্পে ও ওষুধ তৈরির কারখানায়, আতশবাজির জন্য, বিস্ফোরক বস্তু তৈরিতে, রকেটের প্রোপেলারে, ক্ষেপণাস্ত্র তৈরিতে, গবেষণাগারে এবং গবেষণা সম্পৃক্ত প্রতিষ্ঠানেও এটি ব্যবহার হয়।

“এর প্রতি অনুতে চারটি করে অক্সিজেন থাকে। সে দিক থেকে অক্সিজেন সমৃদ্ধ। অক্সিজেন এবং ক্লোরিন থাকার কারণে এটি ভালোমানের জারক পদার্থ এবং বেশি অক্সিজেন উপস্থিতির কারণে উচ্চমানের দাহ্য পদার্থ।” অধ্যাপক মুহাম্মদ ইদ্রিস আলী জানান, “এই রাসায়নিক সাধারণত বাংলাদেশে কম পরিমাণে আসে। এত বিপুল পরিমাণে এই রাসায়নিকবাহী একটি জাহাজ বাংলাদেশমুখী হওয়ার সংবাদ তাই মানুষের মাঝে উদ্বেগের সৃষ্টি করতে পারে। “তাই সরকারসংশ্লিষ্ট সংস্থাগুলোর উচিত, এ সংক্রান্ত সঠিক তথ্য সংগ্রহ করে তা প্রকাশ করা।” ইন্দোনেশিয়ার সংবাদ মাধ্যম আনতারা নিউজ ২১ নভেম্বর এক প্রতিবেদনে জানায়, গত ৭ নভেম্বর ইন্দোনেশিয়ান নৌ বাহিনীর একটি ইউনিট উত্তর সুমাত্রা সাগর থেকে দ্বীপ রাষ্ট্র কমোরোসের পতাকাবাহী জাহাজ স্টারলাইন আটক করে। জাহাজে ১৫টি কন্টেইনারে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট পাওয়া যায়।

আনতারা নিউজ লিখেছে, ওই জাহাজে কয়েক লাখ ‘ফোর জি এলটিই’ ব্ল্যাংক সিম কার্ড পাওয়া গেছে। জাহাজটি পরে পাহারা দিয়ে তীরে নিয়ে আসা হয়।
দেশটির আরেক সংবাদমাধ্যম ‘কুমপারান নিউজ’ লিখেছে, জাহাজটির গতিবিধি সন্দেহজনক মনে হয়েছিল। এটি স্বাভাবিক নিয়মে চলাচল (ম্যানুভার) করছিল না। জাহাজটির সঙ্গে কোনো যোগাযোগও স্থাপন করা যাচ্ছিল না বলেও লিখেছে সংবাদমাধ্যমটি। জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট ভেসেল ফাইন্ডারের তথ্য অনুযায়ী, ৮ নভেম্বর জাহাজটি বাংলাদেশের মোংলা বন্দরে পৌঁছানোর কথা ছিল।

জানতে চাইলে বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি খায়রুল আলম সুজন জানান, “যেহেতু আইজিএম জমা দেয়নি এবং ইন্দোনেশিয়াতে জাহাজটি আটক হয়েছে তাই এখন বাংলাদেশ থেকে জাহাজটির বিষয়ে তথ্য পাওয়া খুবই কঠিন।

“যদি কোন জাহাজ বাংলাদেশমুখী হয় তাহলে সেটি কাউকে না কাউকে অবশ্যই এজেন্ট হিসেবে নিয়োগ দেবে। কিন্তু আইজিএম ও বার্থিং শিট না থাকায় সে বিষয়ে জানা যাবে না। কারণ এখন আর কেউ স্বীকার করবে না।” ইন্দোনেশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে জানবে মন্তব্য করে খায়রুল আলম সুজন বলেন, “কিছু আন্তর্জাতিক সংস্থা আছে, যারা সমুদ্রে জাহাজের ট্রাফিক কন্ট্রোল করে থাকে এবং অন্য কিছু সংস্থা আছে, যারা জাহাজের দাবি নিষ্পত্তি করে, এমন কোনো সংস্থার কাছে এমভি স্টার লাইনের আসল গন্তব্য নিয়ে তথ্য থাকতে পারে।”

 

 

 



  
  সর্বশেষ
ইন্দোনেশিয়ায় আটক ‘এমভি স্টার লাইন’ বাংলাদেশগামী হওয়ার কোন তথ্য নেই
ফের উত্তাল গাজীপুর, শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ১০
গাজীপুরে পুলিশ বক্সে ভাঙচুর, আসবাপত্র মহাসড়কের এনে আগুন
সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com