দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের অন্যতম প্রবেশদ্বার ঢাকা কাস্টমস হাউজ। বৈধ বাণিজ্য সহজ করা, অবৈধ পণ্য প্রবেশ ও বহির্গমন ঠেকানো এবং রাষ্ট্রের রাজস্ব সুরক্ষার দায়িত্ব এই প্রতিষ্ঠানের। অথচ এই প্রতিষ্ঠানের একাংশের কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে চোরাচালান, শুল্ক ফাঁকি, পণ্যের মিথ্যা ঘোষণা এবং ক্ষমতার অপব্যবহারে সহযোগিতার অভিযোগ উঠেছে। সাম্প্রতিক সীসা পাচারের ঘটনা এসব অভিযোগকে নতুন করে সামনে এনেছে।
অভিযোগ রয়েছে, কাস্টমসের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনকারী অসাধু কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা ছাড়া বড় ধরনের চোরাচালান সংঘটিত হওয়া কঠিন। পণ্যের ঘোষণা, কায়িক পরীক্ষা, শুল্কায়ন ও খালাস—প্রতিটি পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা রয়েছে। ফলে এসব প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়ে থাকলে সংশ্লিষ্টদের দায় ও ভূমিকা তদন্তের মাধ্যমে নির্ধারণ করা জরুরি।
মসলার ঘোষণায় ৩০ কেজি সীসা
সম্প্রতি হংকং থেকে মাত্র ৩ কেজি মসলা আমদানির ঘোষণা দিয়ে ৩০ কেজি আল ফাখের ব্র্যান্ডের সীসা এবং ঔষধ প্রশাসনের অনুমোদন ছাড়া ফুড সাপ্লিমেন্ট আমদানির অভিযোগ সামনে এসেছে।
গত ১১ নভেম্বর রাতে রাজধানীর বংশালের নর্থ সাউথ রোডের আস-সুন্নাহ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তিনটি কার্টন থেকে ৩০ কেজি সীসা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। দুই মাসের গোয়েন্দা নজরদারির পর পরিচালিত এই অভিযানে মো. সোলায়মান আহমেদ শুভ, মো. শাকিল আহমেদ ও মো. মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হংকং থেকে সীসা আমদানি ও সরবরাহের সঙ্গে কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ডিএনসি।
অভিযোগ অনুযায়ী, ট্রাস্ট গ্লোবাল ট্রেডিংয়ের আমদানি করা চালানটি এমএম ট্রেডার্স নামের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের মাধ্যমে বিল অব এন্ট্রি নম্বর ১০৩৯১৭২-এ খালাসের প্রক্রিয়ায় নেওয়া হয়। প্রশ্ন উঠেছে, মাত্র ৩ কেজি মসলার ঘোষণায় কীভাবে ৩০ কেজি সীসা ও অনুমোদনবিহীন ফুড সাপ্লিমেন্ট আমদানির সুযোগ তৈরি হলো?
সূত্রের দাবি, চালানটির কায়িক পরীক্ষণ প্রতিবেদনে মসলার রাসায়নিক পরীক্ষার সুপারিশ করা হয়নি। এক্ষেত্রে এয়ার ফ্রেইট ইউনিটের দায়িত্বে থাকা উপকমিশনার (ডিসি) সাইফুর রহমান এবং শুল্কায়ন গ্রুপের সহকারী কমিশনার (এসি) নাজমুল হাসানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই ছাড়া চালানটি খালাসের অভিযোগের পাশাপাশি তাঁদের বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগও উঠেছে। তবে এসব অভিযোগের সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন
চালানটির পরীক্ষা, শুল্কায়ন ও খালাসের প্রতিটি পর্যায়ে কার কী দায়িত্ব ছিল, তা খতিয়ে দেখা জরুরি। বিশেষ করে বিল অব এন্ট্রি, কায়িক পরীক্ষণ প্রতিবেদন, পণ্যের প্রকৃত ওজন, এইচএস কোড, শুল্ক পরিশোধের হিসাব এবং খালাসের অনুমোদনপত্র পর্যালোচনা করলে অনিয়মের প্রকৃতি স্পষ্ট হতে পারে। এছাড়া সিঅ্যান্ডএফ এজেন্ট, আমদানিকারক ও ফ্রেইট ফরোয়ার্ডারের ভূমিকা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বকালও তদন্তের আওতায় আনা প্রয়োজন।
অভিযুক্ত ডিসি সাইফুর রহমান ও এসি নাজমুল হাসানের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার কল দেয়া হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, এই ঘটনায় কোনও প্রশাসনিক তদারকি কিংবা বিভাগীয় তদন্ত বা ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সেই বিষয়ে জানতে ঢাকা কাস্টমস হাউজের কমিশনার রইচ উদ্দিন খানের মুঠোফোনে কল দেয়া হলেও তিনি কল ধরেননি।
অন্যদিকে, সহকারী রাজস্ব কর্মকর্তা ও সারভাইলেন্স টিমের সদস্য শাহাবুদ্দিনের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন এবং কাস্টমস হাউজের মুখপাত্রের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। তবে তাঁর বিরুদ্ধে আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের সঙ্গে যোগাযোগ এবং কথিত আর্থিক লেনদেনের যোগসূত্র থাকার অভিযোগও উঠেছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে তাঁর ভূমিকা তদন্ত করা প্রয়োজন।
সাংবাদিকদের হয়রানির অভিযোগ
ঢাকা কাস্টমস হাউজের অনিয়ম-দুর্নীতি নিয়ে অনুসন্ধান করতে গিয়ে গণমাধ্যমকর্মীদের বাধা, চাপ সৃষ্টি ও সংঘবদ্ধভাবে হেনস্তা করার অভিযোগও সামনে এসেছে। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান কিছু কর্মকর্তার অস্বাভাবিক সম্পদ অর্জনের তথ্য অনুসন্ধান করতে গিয়ে সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করা হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্পদের বৈধ উৎস, আয়কর বিবরণী, ব্যাংক হিসাব, স্থাবর-অস্থাবর সম্পদ এবং বিদেশে অর্থ স্থানান্তরের তথ্য অনুসন্ধানের দাবি উঠেছে। তবে এসব অভিযোগও প্রমাণসাপেক্ষ এবং যথাযথ তদন্তের মাধ্যমে যাচাই করা জরুরি।
রাজস্ব সুরক্ষায় নিরপেক্ষ তদন্ত জরুরি
কাস্টমস খাতের অনিয়ম শুধু সরকারের রাজস্ব ক্ষতিই করে না, বৈধ ব্যবসায়ীদের অসম প্রতিযোগিতার মুখে ফেলে এবং দেশের অর্থনৈতিক নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলে। তাই সীসা পাচারের এই ঘটনাকে বিচ্ছিন্ন অপরাধ হিসেবে না দেখে এর সঙ্গে জড়িত পুরো আমদানি ও খালাস প্রক্রিয়া তদন্ত করা প্রয়োজন।
জাতীয় রাজস্ব বোর্ড, দুর্নীতি দমন কমিশন এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সমন্বয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঢাকা কাস্টমস হাউজের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ভূমিকা যাচাই করা উচিত। সন্দেহজনক চালানের নথি, সিসিটিভি ফুটেজ, ব্যাংক লেনদেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদের উৎসও খতিয়ে দেখা প্রয়োজন।
মসলার ঘোষণায় ৩০ কেজি সীসা আমদানির ঘটনা কেবল একটি চালানের অনিয়ম নয়; এটি কাস্টমসের নজরদারি ও জবাবদিহি ব্যবস্থার বড় ধরনের পরীক্ষা। কারা পণ্য আমদানি করেছেন, কারা ছাড় দিয়েছেন এবং কোনো কর্মকর্তা অবৈধ সুবিধা দিয়েছেন কি না—এসব প্রশ্নের উত্তর বেরিয়ে আসা জরুরি।
চোরাচালানের বাহককে আটক করাই যথেষ্ট নয়; এর নেপথ্যের পৃষ্ঠপোষক ও সহযোগীদেরও শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পদমর্যাদা বা প্রভাব নয়, অপরাধের প্রমাণের ভিত্তিতেই নিশ্চিত করতে হবে জবাবদিহি।