নিজস্ব প্রতিবেদক
বাতাসে ভেসে বেড়াচ্ছে নতুন ফসলের ম ম ঘ্রাণ। কোথাও কাস্তে হাতে ধান কাটছেন কৃষক, কোথাও উঠানে চলছে ধান মাড়াই ও গোলায় তোলার ব্যস্ততা। ভোরের ঘাসে জমছে শিশির, দূরের গ্রাম ঢেকে যাচ্ছে কুয়াশার পাতলা চাদরে। প্রকৃতি এখন হেমন্তের স্নিগ্ধতায় অপরূপ।
আজ সোমবার ১৪৩৩ বঙ্গাব্দের পহেলা অগ্রহায়ণ। নতুন ধানের ঘ্রাণ আর ফসল ঘরে তোলার আনন্দে শুরু হবে বাঙালির চিরায়ত নবান্ন উৎসব।
বাংলার ষড়ঋতুর পঞ্চম ঋতু হেমন্ত। কার্তিক ও অগ্রহায়ণ দুই মাস নিয়ে হেমন্তের বিস্তার।
কার্তিক শেষ হয়েছে, এসেছে অগ্রহায়ণ। এ মাসে ধীরে ধীরে জেঁকে বসবে শীত। পাকা আমন ধান কাটার মৌসুম শুরু হবে। গ্রামাঞ্চলে মাঠের পর মাঠ ভরে উঠবে সোনালি ধানে। কৃষকের চোখে-মুখে ফুটে উঠবে ফসল ঘরে তোলার আনন্দ ও তৃপ্তি।
এ সময় কেউ কাস্তে দিয়ে ধান কাটেন, কেউ আঁটি বাঁধেন, কেউ মাথায় কিংবা কাঁধে করে ধানের বোঝা নিয়ে ফেরেন বাড়িতে। এরপর উঠানে চলে ধান মাড়াই, শুকানো ও গোলায় তোলার আয়োজন। একসময় ঢেঁকিতে ধান ভানার শব্দে মুখর থাকত গ্রামের বাড়ি। আধুনিক চালকলের বিস্তারে তা অনেকটাই বদলে গেছে। তবু নতুন ধান ঘিরে আনন্দ-উৎসবের ঐতিহ্য আজও অমলিন।
‘নবান্ন’ শব্দের অর্থ নতুন অন্ন। ‘নব’ ও ‘অন্ন’—দুই শব্দের সমন্বয়ে এটির উৎপত্তি। আমন ধান কাটার পর নতুন চালের ভাত রান্না করে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে ভাগ করে খাওয়ার মধ্য দিয়ে আবহমানকাল ধরে উদযাপিত হয়ে আসছে এ উৎসব। কৃষিনির্ভর বাঙালির জীবনে নবান্ন শুধু ফসল ঘরে তোলার আনন্দ নয়, এটি কৃষকের শ্রম ও সাফল্যের উদযাপন, সমৃদ্ধির প্রত্যাশা, প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা এবং সামাজিক সম্প্রীতির এক অনন্য উপলক্ষ।
একসময় গ্রামবাংলার কৃষক পরিবারে নবান্ন ছিল বছরের অন্যতম বড় উৎসব। নতুন চালের ভাতের সঙ্গে মাছ, মাংস, নানা পদের ভর্তা ও সবজির আয়োজন হতো। তৈরি করা হতো চিতই, ভাপা, পাটিসাপটা, পুলি, পায়েস, চিড়া, মুড়ি ও মোয়া। খেজুরের গুড়, নারকেল ও দুধের মিতালিতে পিঠাপুলির স্বাদ হয়ে উঠত আরো মধুর। মেয়ে-জামাইকে নিমন্ত্রণ, বিবাহিত মেয়েকে বাপের বাড়িতে নাইয়র আনা কিংবা দূরের আত্মীয়-স্বজনকে বাড়িতে আমন্ত্রণ—সব মিলিয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ত গ্রামজুড়ে। এখন পরিস্থিতি অনেকখানি পাল্টে গেলেও গ্রামবাংলায় থাকে নানা আয়োজন।
নবান্ন ঘিরে একসময় গ্রামবাংলার বিভিন্ন স্থানে বসত মেলা। আয়োজন হতো যাত্রাপালা, কবিগান, বাউলগান ও লোকসংগীতের আসর। কোথাও অনুষ্ঠিত হতো লাঠিখেলা, পুতুলনাচ, নৌকাবাইচ ও নানা ধরনের গ্রামীণ খেলাধুলা। মেলার মাঠে বসত মাটির খেলনা, বাঁশ-বেতের সামগ্রী, মুড়ি-মুড়কি, মোয়া ও পিঠার পসরা। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের পদচারণে মুখর হয়ে উঠত উৎসবের প্রাঙ্গণ। সময়ের পরিবর্তনে অনেক আয়োজন সীমিত হয়ে এসেছে। তবু নবান্নের আবেদন ফুরায়নি।
নবান্ন উৎসব মূলত গ্রামবাংলার ঐতিহ্য। তবে শহরাঞ্চলও পিছিয়ে নেই। গ্রামবাংলার ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে নগরজীবনে ছড়িয়ে দিতে ১৯৯৮ সাল থেকে রাজধানীতে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ‘নবান্ন উৎসব’ উদযাপন। এরই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হবে ‘২৮তম জাতীয় নবান্ন উৎসব ১৪৩৩’। ‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’ স্লোগানে আজ সোমবার ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদ। আয়োজকদের তথ্য অনুযায়ী, সকাল ৭টা ১৫ মিনিটে শুরু হয়ে উৎসব চলবে রাত ৯টা পর্যন্ত। নতুন ফসলের আনন্দ, গ্রামীণ জীবন ও বাংলার চিরায়ত লোকজ সংস্কৃতিকে নগরবাসীর সামনে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সাংস্কৃতিক আন্দোলন ‘আবর্তন’-এর উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘নবান্ন উৎসব-২০২৬’। সকাল ১০টা থেকে ‘চিত্রকলায় নবান্ন’ শীর্ষক আর্ট ক্যাম্প, বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সংগীত ও নৃত্যকলা বিভাগের শিল্পীদের পাশাপাশি দেশের বিশিষ্ট শিল্পীরাও অংশ নেবেন। এ ছাড়া দেশের বিভিন্ন জেলা-উপজেলায় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো নবান্ন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
নবান্নের সঙ্গে মিশে আছে বাঙালির কৃষি সভ্যতার ইতিহাস, লোকজ জীবনবোধ, পারিবারিক বন্ধন ও সামাজিক সম্প্রীতির দীর্ঘ পরম্পরা। নতুন অন্নের স্বাদ ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে মানুষ যেমন আপনজনের আরো কাছে আসে, তেমনই ফিরে পায় মাটি ও শিকড়ের সঙ্গে নিজের গভীর সম্পর্কের স্মৃতি।
বর্তমানদিন/ফআ