সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
গোপালগঞ্জ প্রসঙ্গ : যা আছে গোয়েন্দা প্রতিবেদনে
  Date : 16-11-2026
Share Button

বর্তমানদিন ডেস্ক

গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের সশস্ত্র মিছিল, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনার নেপথ্যে চারজন মূল পরিকল্পনাকারীসহ আওয়ামী লীগের ২৩ জন নেতা জড়িত বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

একই সঙ্গে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক প্রবেশ এবং কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ীর অর্থায়নের অভিযোগও সামনে এসেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ছয়টি সীমান্ত রুট ব্যবহার করে কয়লা ব্যবসায়ী সিন্ডিকেটের আড়ালে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক আনা হচ্ছে। এসব নাশকতামূলক কর্মকাণ্ডে কয়েকজন পোশাক কারখানার মালিক ও প্রভাবশালী ব্যবসায়ী অর্থায়ন করছেন বলে গোয়েন্দাদের ধারণা।

প্রতিবেদন অনুযায়ী, গোয়েন্দারা নাশকতার সঙ্গে জড়িত চার মূল পরিকল্পনাকারীসহ ২৩ জন শীর্ষ ও মধ্যম সারির নেতাকে শনাক্ত করেছেন। তাদের মধ্যে কয়েকজন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যবসায়ী রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। এ ছাড়া জনমনে আতঙ্ক ছড়াতে ব্যবহৃত ককটেল দুর্গম চরাঞ্চলে তৈরি হচ্ছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে।

রাজধানীর পাঁচটি নির্দিষ্ট স্থান থেকে বিস্ফোরক ও অর্থ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে বলেও দাবি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী রোববার একটি সংবাদমাধ্যমকে বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িত কেউই পার পাবে না। ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান আরও জোরদার করা হবে।

গোপালগঞ্জে দিনভর সশস্ত্র মহড়া ও সহিংসতা : শনিবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়ায় দফায় দফায় সহিংসতার ঘটনা ঘটে। লগি-বৈঠা, রামদা, চাইনিজ কুড়াল, টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সশস্ত্র মিছিল করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ সময় বিএনপি ও যুবদলের কার্যালয়, নেতাকর্মীদের বাড়িঘর, দোকানপাট এবং গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

ভাঙচুর করা হয়েছে পুলিশের সাঁজোয়া যান (এপিসি), পুলিশ বক্স, জুলাই স্মৃতিস্তম্ভ এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক। গোপালগঞ্জ সদরের লতিবপুর ইউনিয়নের গাবতলা মোড়ে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। পরে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন খানের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী বিসিক ব্রিজ হয়ে পুলিশের ব্যারিকেড অতিক্রম করে শহরে প্রবেশ করেন।

এছাড়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সামিউল হক তনু এবং সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বেও পৃথক মিছিল বের হয়। সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা পুরাতন লঞ্চঘাট এলাকায় সমবেত হন।

পরে তারা জাতীয় পতাকা হাতে এবং দেশীয় অস্ত্র নিয়ে শহরের ব্যাংকপাড়ায় আওয়ামী লীগের কার্যালয়ে যান। দীর্ঘদিন তালাবদ্ধ থাকা দলীয় কার্যালয়টি খুলে সেখানে উল্লাস করেন। এরপর লঞ্চঘাট এলাকার জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নাম পরিবর্তন করে আগের নামসংবলিত ব্যানারও টাঙানো হয়।

একপর্যায়ে গোপালগঞ্জ-পাটগাতি সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষোভকারীরা। পুলিশের এপিসির ওপর দাঁড়িয়েও স্লোগান দিতে দেখা যায় তাদের। এ সময় প্রেস ক্লাবের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সকাল ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।

টুঙ্গিপাড়ায় বিএনপি কার্যালয় ও বাড়িঘরে আগুন : শনিবার রাত থেকেই টুঙ্গিপাড়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে খালেক বাজারের কয়েকটি দোকান, কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয়, নিলফা বাজারের বিএনপি কার্যালয় এবং বর্ণী বাজারে এক যুবদল নেতার ব্যক্তিগত কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে বিএনপির দুই থেকে তিনজন নেতাকর্মী আহত হন।
রোববার বিকেলেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিকেল ৪টার দিকে পাটগাতি বাজারে উপজেলা যুবদলের কার্যালয়ে আগুন দেওয়া হয়। এক ঘণ্টা পর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জসিম ওরফে তাজুর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

এছাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তারেকের মিষ্টির দোকান, মাহমুদ বিশ্বাসের দোকান এবং পৌর বিএনপির সভাপতি মোল্লা এমদাদের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। টুঙ্গিপাড়া উপজেলা গ্রামীণ ব্যাংক কার্যালয়, বিএনপি নেতা রাজিবের আসবাবের দোকান এবং পার্শ্ববর্তী পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়ন বিএনপি কার্যালয়েও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

মামলার বাদী পুলিশ কর্মকর্তাকেও কুপিয়ে জখম : সহিংসতার ঘটনায় করা মামলার বাদী টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীর ওপরও হামলা হয়েছে। রোববার সন্ধ্যায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। পরে তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর আগে শুক্রবার পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছিলেন এসআই মোসলেম আলী।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, ওই মামলায় মোট ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ২ হাজার জনকে।
তবে টুঙ্গিপাড়া থানার ওসি এর আগে বিএনপি কার্যালয়ে হামলার বিষয়ে জানিয়েছিলেন, তাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডিসি-এসপি বদলি, মোতায়েন বিজিবি : পরিস্থিতি নিয়ন্ত্রণে রোববার জরুরি ভিত্তিতে গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

তবে সহিংসতার ঘটনা নিয়ে পুলিশের বক্তব্যের সঙ্গে স্থানীয়ভাবে পাওয়া তথ্যের অসংগতি রয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মুস্তাফিজুর রহমান দাবি করেছেন, কোথাও কোনো ভাঙচুর বা নাশকতার ঘটনা ঘটেনি। তিনি বলেন, জননিরাপত্তা এবং সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় আগেই পরিকল্পনা নেওয়া হয়েছিল। সে অনুযায়ী বিশৃঙ্খলা এড়াতে ১ হাজার ৩৫০ জন পুলিশ সদস্য মোতায়েন ছিলেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ দায়িত্ব পালন করছে।

 

বর্তমানদিন/ফআ



  
  সর্বশেষ
গোপালগঞ্জ প্রসঙ্গ : যা আছে গোয়েন্দা প্রতিবেদনে
গোপালগঞ্জ প্রসঙ্গ : ৫৩ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
গোপালগঞ্জ প্রসঙ্গ : ডিসি-এসপির পর এবার তিন থানার ওসি বদলি
গোপালগঞ্জ প্রসঙ্গ : নতুন জেলা প্রশাসক সরফরাজ

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com