নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণ করতে গিয়ে বিএনপি নেতার দায়ের করা মামলায় গ্রেপ্তার চার সাংবাদিকের খোঁজখবর নিতে আগামী সোমবার (১৬ নভেম্বর) টাঙ্গাইল সফর করবে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের একটি প্রতিনিধি দল।
রোববার (১৫ নভেম্বর) এ সফর নির্বিঘ্ন করতে টাঙ্গাইলের জেলা প্রশাসক/ পুলিশ সুপারের কাছে লিখিতভাবে সহযোগিতা চেয়েছে সংগঠনটি।
পুলিশ সুপার বরাবর পাঠানো আবেদনপত্রে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার চার সাংবাদিককে আদালতের নির্দেশে কারাগারে পাঠানোর ঘটনায় সাংবাদিক সমাজের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। তাঁদের আইনগত অধিকার, নিরাপত্তা ও মানবিক মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিনিধি দলটি সরেজমিনে খোঁজখবর নিতে যাচ্ছে।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রফিক। তাঁর সঙ্গে থাকবেন সংগঠনের পরিচালক (আইন ও মানবাধিকার) মোহাম্মদ আলী আবিরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সফরকালে প্রতিনিধি দলটি সংশ্লিষ্ট আদালত ও কারাগারে গিয়ে গ্রেপ্তার সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ করবে।
তাঁদের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি মামলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হবে। একই সঙ্গে সাংবাদিকদের প্রয়োজনীয় আইনি সহায়তা, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে পরবর্তী পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা করা হবে।
এ বিষয়ে সংগঠনের পরিচালক (আইন) মোহাম্মদ আলী আবির স্বাক্ষরিত আবেদনে প্রতিনিধি দলের টাঙ্গাইল সফর নির্বিঘ্ন করা এবং সংশ্লিষ্ট আদালত ও কারা কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাতের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে পুলিশ সুপারের সদয় হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের অধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
বর্তমানদিন/ফআ