বর্তমানদিন ডেস্ক
রাজধানীর বনানী এলাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) ভোরে বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় এ আগুন লাগে। আগুনে ওই তরুণের মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকটি বসতঘর ও দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
নিহত শাহরিয়ার রহমান শুভ্রর গ্রামের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামে। তার বাবার নাম মনির হোসেন এবং মায়ের নাম মোর্শেদা আক্তার মিতা।
জানা যায়, তিনি কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেট সংলগ্ন এলাকায় একটি ঘরে ভাড়া থাকতেন। ভোরে আগুনের সময় গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় তিনি আর বের হতে পারেননি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোরে কলোনির পশ্চিমপাড়ায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। তাদের টানা চেষ্টায় ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
তবে আগুন নেভানোর আগেই অন্তত সাত থেকে আটটি বসতঘর এবং একটি দোকান সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
বনানী থানার ওসি সালাউদ্দিন অগ্নিকাণ্ডে ওই তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুড়ে যাওয়া একটি ঘর থেকে শুভ্র নামের ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঠিক কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তদন্ত সাপেক্ষে ফায়ার সার্ভিস নিশ্চিত করতে পারবে বলে জানান তিনি।
বর্তমানদিন/ফআ