মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে লাঞ্ছিত করায় ৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩
  Date : 01-09-2026
Share Button

রাজবাড়ী শহরের বড় বাজারে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে পুলিশের উপস্থিতিতে মারধর ও লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। এই ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে মামলা দায়ের ও তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাজবাড়ী পৌরসভার ধূঞ্চি ১ নম্বর ওয়ার্ডের মৃত জমজম খানের ছেলে আব্দুল্লাহ আল সিয়াম খান (১৯), ধূঞ্চি ২৮ কলোনি এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. রুবেল হোসেন (১৯) এবং পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ধূঞ্চি গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. হেলাল উদ্দিন (৩৮)।

এর আগে সোমবার দিবাগত রাতে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজবাড়ী বড় বাজারের কাদেরিয়া সুপার মার্কেটের তৃতীয় তলায় ‘আস্থা পোশাক শিল্প গার্মেন্টেস’ নামে ব্যবসা পরিচালনা করেন জাকিয়া সুলতানা। তাঁর প্রতিষ্ঠানের এক কর্মচারী চাকরি ছেড়ে দেওয়ার পর বেতন ও মালামালের হিসাব নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ২৩ আগস্ট ওই কর্মচারী ১৫ থেকে ২০ জন লোক নিয়ে প্রতিষ্ঠানে গিয়ে বেতন দাবি করেন এবং তাঁকে হুমকি দেন।

পরে গত শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে ওই বিরোধকে কেন্দ্র করে বড় বাজার এলাকায় জাকিয়া সুলতানাকে মারধরের ঘটনা ঘটে। এ সময় পুলিশের উপস্থিতিতে তাঁকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে এক যুবক লাথি মারেন। এরপর আরও কয়েকজন যুবক এগিয়ে এসে তাঁকে এলোপাতাড়ি মারধর ও লাথি মারতে থাকেন। ঘটনাটির ভিডিও ধারণ করে কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, “নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা থানায় মামলা করেছেন। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আজ আদালতে সোপর্দ করা হবে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ায়। বিভিন্ন পোস্টে ওই নারীকে ম্যাজিস্ট্রেট হিসেবে দাবি করা হয়। আবার কোথাও তাঁকে ভোক্তা অধিকার সংস্থার অভিযানে গিয়ে মারধরের শিকার হয়েছেন বলেও প্রচার করা হয়।

তবে মামলার এজাহার ও পুলিশের বক্তব্য অনুযায়ী, ঘটনাটির সূত্রপাত বড় বাজর কাপড় ব্যবসায়ীদের সঙ্গে ওই নারী উদ্যোক্তার ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে।



  
  সর্বশেষ
রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে লাঞ্ছিত করায় ৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩
শিক্ষার্থীদের নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান ঢাকা জেলা প্রশাসকের
নিরাপত্তা ও পর্যটনের ভবিষ্যৎ রক্ষায় কক্সবাজারকে মানব পাচার ও অপরাধমুক্ত করতে হবে
মালয়েশিয়ার শ্রমবাজারে ফের সিন্ডিকেটের শঙ্কা

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com