‘যেখানে প্রয়োজন, সেখানেই লায়ন্স’—এই আন্তর্জাতিক সেবা দর্শনকে ধারণ করে লায়ন্স ক্লাব অব ঢাকা বসুন্ধরা গোল্ডের সৌজন্যে এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব লায়ন আবুল মেছেরের উদ্যোগে রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় বিনামূল্যে চক্ষু সেবা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের একদল অভিজ্ঞ চিকিৎসক সকাল ৮টা থেকে এলাকার দুস্থ, সুবিধাবঞ্চিত চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করার পাশাপাশি চোখে ছানি পড়া রোগীদের আগামী ২৯ আগষ্ট বিনামূল্যে অপারেশনের জন্য বাছাই করেন। এই কর্মসূচিতে চিকিৎসাসেবার পাশাপাশি বৃক্ষরোপণ ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্য বিতরণ করা হয়।
শনিবার (৮ আগষ্ট) মালিবাগ চৌধুরীপাড়ার আবুল হোটেল সংলগ্ন সাউথ পয়েন্ট স্কুলের মাঠে আয়োজিত এই ফ্রী মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন লায়ন্স ক্লাব অফ ঢাকা বসুন্ধরা গোল্ডের জেলা গভর্নর লায়ন নওজাত সারওয়াত ইসলাম।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব লায়ন আবুল মেছেরের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।
এদিকে, ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব ড. এম এ কাইয়ুমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার জন্য মালয়েশিয়া থেকে রওনা দিয়েও মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটের অনাকাঙ্ক্ষিত বিলম্বের কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় দুঃখ প্রকাশ করেন।
তবে, অনুষ্ঠানে আসতে না পারলেও ড. এম এ কাইয়ুমের নির্দেশনায় ২৩ নং ওয়ার্ড বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা এই চক্ষু সেবা, মেডিক্যাল ক্যাম্প, বৃক্ষরোপণ ও খাদ্য বিতরণ কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনা ও বাস্তবায়নে সার্বিকভাবে সহযোগিতা করেন।
এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-এ১-এর ইমিডিয়েট পাস্ট জেলা গভর্নর লায়ন এ কে এম গোলাম ফারুক, প্রথম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন আবুল হোসেন খন্দকার, দ্বিতীয় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন সাবিনা সিদ্দিকা, লায়ন্স ক্লাব অব ঢাকা বসুন্ধরা গোল্ড ক্লাবের প্রেসিডেন্ট লায়ন বিল্লাল হোসেন, চার্টার্ড প্রেসিডেন্ট লায়ন মো. শরিফুল ইসরাম (মঞ্জু), সাবেক ক্লাব প্রেসিডেন্ট লায়ন এড. মো. ইউসুফ খান, ভাইস প্রেসিডেন্ট লায়ন মো. আব্দুর রাজ্জাক এবং ডিরেক্টর লায়ন মো. আজাদুর রহমান।

এছাড়াও এই অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রামপুরা থানা বিএনপির সদস্য মাহাবুবুর রহমান এবং শোয়েব জয়, ২৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি আবু সায়েম মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক মীর্জা আকবর ইমাম বুলু, রামপুরা থানা ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক লুৎফর রহমান টিটু সহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে পরিবেশ সুরক্ষায় ৫০টি বৃক্ষরোপণ করেন আবুল মেছের। পরে, যোহরের নামাজের পর এলাকার সুবিধাবঞ্চিত মানুষ এবং চিকিৎসা নিতে আসা রোগীদের মাঝে খাবার বিতরণ করেন তিনি।
এই সামাজিক কর্মসূচির মূল আয়োজক লায়ন আবুল মেছের `বর্তমান দিন` এর প্রতিবেদককে বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মনিরপেক্ষ সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল অন্ধত্ব প্রতিরোধ, ক্ষুধা নিরসন, ক্যান্সার সচেতনতা, পরিবেশ সংরক্ষণ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় লায়ন্স ক্লাব অফ ঢাকা বসুন্ধরা গোল্ড দীর্ঘদিন যাবৎ দুর্যোগ মোকাবিলা, স্বাস্থ্যসেবা এবং সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে আগত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া এবং অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, ২৩ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় অনেক গরীব, দুস্থ এবং সুবিধাবঞ্চিত মানুষের বসবাস। উন্নত স্বাস্থ্যসেবা প্রাপ্তি তাদের মৌলিক অধিকার। আমরা যারা বিভিন্ন দল বা মতাদর্শের রাজনীতি করি কিংবা স্থানীয় জনগণের প্রতিনিধিত্ব করতে আগ্রহী; এটা আমাদের নৈতিক দায়িত্ব সমাজের অনগ্রসর এই মানুষদের উন্নত স্বাস্থ্যসেবা প্রদানে এগিয়ে আসা এবং তাদের জীবনমান উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালন করা। সেই লক্ষ্যেই আজ এই বিশেষ কর্মসূচির আয়োজন করেছি।
আবুল মেছের আরও বলেন, এই মেডিকেল ক্যাম্পে চক্ষু পরীক্ষা, বিনামূল্যে চশমা বিতরণ, সাধারণ চিকিৎসাসেবা, চর্মরোগ ও শিশু চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড গ্রুপ নির্ণয় এবং গাইনি চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি ছানি রোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থাও করা হয়।
মেডিক্যাল ক্যাম্পে আগত সেবাগ্রহণকারীরা বলেন, প্রান্তিক মানুষের দোরগোড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। এজন্য তারা লায়ন আবুল মেছেরকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন।এই মানবিক উদ্যোগের সফল বাস্তবায়ন এবং সার্বিক সহযোগিতার জন্য আলহাজ্ব লায়ন আবুল মেছের তার বন্ধুমহল, রাজনৈতিক সহকর্মীবৃন্দ, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় শিক্ষার্থী ও তরুন প্রজন্মের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন