ক্রীড়া প্রতিবেদক
হৃদয়ের বিদায়ে কেন পুরো দক্ষিণ আফ্রিকা দল উচ্ছ্বাসে ভেসেছে– সেটাই দিন শেষে জানিয়েছেন প্রোটিয়া পেসার ড্যান প্যাটারসন, ‘বড় উইকেট।
রায়ান (রিকেলটন) এবং (কাগিসো) রাবাদা আজ আমাদের ভালো সুযোগ করে দিয়েছে। সে আজকে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে ছিল। ফলে তাকে (হৃদয়) ফেরাতে পারা খুব জরুরি ছিল। দেখেছেন তো কীভাবে পুরো দল উল্লাসে মেতেছে সেই উইকেটের পর। কারণ সবাই জানে এই উইকেটের গুরুত্ব।’
তবে বাংলাদেশের এখন দুই স্বীকৃত ব্যাটার লিটন দাস ও মুশফিকুর রহিম অপরাজিত, আছেন মেহেদি হাসান মিরাজও। ফলে প্রোটিয়াদের কাজ যে এখনও শেষ হয়নি সেটা জানেন প্যাটারসন, ‘ধৈর্য ধরে এগোতে হবে। আজকে বোলিং ইউনিট হিসেবে আমরা অনেক কিছু বিনিয়োগ করেছি। আশা করছি কাল সকালে এটার ফল পেয়ে যাব।’
প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ১৩৭ রানের ইনিংস খেলেছেন হৃদয়। তাকে-সহ ৫ উইকেট নেওয়ায় আত্মবিশ্বাসও আছে এই প্রোটিয়া পেস অলরাউন্ডারের, ‘সে (হৃদয়) অনেক ভালো প্লেয়ার। দলের মূল প্লেয়ারদের মধ্যে একজন। তাকে আউট করা ও ৫ উইকেট নিয়ে ফেলা অবশ্যই আমাদের জন্য ভালো ব্যাপার ছিল।’
বর্তমানদিন/ফআ