* গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন * মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া * টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা, ভাঙচুর ও আগুন * এমপি জিলানীর বাড়িতে আগুন * পিরোজপুরে দুই বাসে আগুন, প্রাণ গেল ঘুমন্ত হেলপারের
ফরিদ আহমেদ
দেশের বিভিন্ন স্থানে একের পর এক সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেই চলেছে। রাজধানী ঢাকাসহ গোপালগঞ্জ, ফরিদপুর, গাজীপুর ও চট্টগ্রামে একের পর এক সহিংস ঘটনার খবর পাওয়া যাচ্ছে। নতুন করে রাজনৈতিক অস্থিরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ধারাবাহিক এসব সহিংসতায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন, জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ।
সবচেয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। মঙ্গলবার রাতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের একপর্যায়ে টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িসহ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। অন্যদিকে ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সেখানে অগ্নিদগ্ধ হয়ে কৃষক দলের এক নেতার মৃত্যু হয়েছে।
গাজীপুরে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন ঘিরে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের এক কর্মকর্তার গাড়িতে আগুন দেওয়া হয়। পরিস্থিতির কারণে শিল্পাঞ্চলের কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রাজধানীতেও বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সরকারও সহিংসতা ও নাশকতায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কথা জানিয়েছে। সামনে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে সংঘাতের আশঙ্কা রয়েছে।
এদিকে, গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এবং গোপালগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতে হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছেন দক্ষিণ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মিছিলের এক পর্যায়ে উত্তেজিত নেতাকর্মীরা কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয় এবং সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাসভবনে অগ্নিসংযোগ করেন।
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন : ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। গতকাল বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ চলাকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেয় শ্রমিকরা।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি ও সাইনবোর্ড এলাকায় এসব ঘটনা ঘটে। এর আগে, এদিন সকাল থেকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস, বাসন সড়ক, কলম্বিয়া, মালেকের বাড়ি ও ছয়দানা এলাকায় শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ ও অবরোধ শুরু করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে আটকা পড়েন হাজার হাজার যাত্রী। চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ ও দূরপাল্লার যাত্রীরা।
মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া : রাজধানীর মিরপুরের কাফরুলে পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। কয়েকজন নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। বর্তমানে কারখানা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গতকাল বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে মিরপুর-১৩ নম্বর এলাকার ‘লোড স্টার ফ্যাশন’ ও ‘মিড এশিয়া ফ্যাশন’ কারখানা এলাকায় এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, কারখানা দুটিতে শ্রমিকের সংখ্যা প্রায় ৫ হাজার ১০০ জন। এসব কারখানার শ্রমিকরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের শ্রমিকদের উৎপাদন কার্যক্রমে বাধা দিয়ে কারখানা থেকে বের করে নিয়ে আসেন। সূত্র আরও জানায়, এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা, ভাঙচুর ও আগুন : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকা থেকে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের আটকের খবর ছড়িয়ে পড়ার পর থানার সামনে লোকজন জড়ো হতে শুরু করেন। আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো করা হয় বলে জানা গেছে। পরে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে একটি মিছিল থানার দিকে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ আত্মরক্ষার্থে টিয়ারশেল, ছররা গুলি, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বলে সূত্রের দাবি। একপর্যায়ে হামলাকারীরা থানার ভেতরে ঢুকে ভাঙচুর চালান এবং থানা চত্বরে রাখা পুলিশের কয়েকটি গাড়িতে আগুন দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হেলমেট পরা কয়েকজনকে থানার ভেতরে ভাঙচুর করতে এবং স্লোগান দিতে দেখা গেছে।
গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন : গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর পৈতৃক বাড়িতে আগুন লাগার তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস। গত মঙ্গলবার রাত ৯টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা এ আগুন দিয়েছেন বলে স্থানীয়দের অভিযোগ। টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ ইস্কান্দার শেখ বলেন, এমপি জিলানীর পাটগাতির বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে তারা খবর পেয়েছেন। কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীদের আন্দোলনের কারণে তারা স্টেশন থেকে বের হতে পারছিলেন না। তিনি বলেন, স্থানীয় কিছু লোক আগুন নেভাতে যাচ্ছেন। স্থানীয়দের বিবরণ অনুযায়ী, আওয়ামী লীগ ও দলটির ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে জিলানির পাটগাতি গ্রামের বাড়িতে যান। মিছিলকারীরা চড়াও হলে বাড়ির লোকজন ঘর ছেড়ে চলে যান। পরে মিছিলকারীরা সেখানে আগুন ধরিয়ে দেয়। রাস্তায় ব্যারিকেড থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না। এ কারণে গ্রামের লোকজন পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে স্টাফ বাসে আগুন : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পার্কিং করে রাখা একটি স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গভীর রাতে মোটরসাইকেলে করে এসে ২ ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। গত মঙ্গলবার দিবাগত রাত ৩টা ২৫ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সানারপাড় হাইওয়ে সড়কে মো. লতিফের বাসের গ্যারেজ ও ইউটার্নের কাছে ‘থ্রি স্টার’ পরিবহনের একটি স্টাফ বাস পার্কিং করা ছিল। রাতের নির্জন পরিবেশে একটি মোটরসাইকেলে করে ২ ব্যক্তি সেখানে আসে। পরে তারা বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুনে বাসটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় বাসটি ফাঁকা থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত বাসটির মালিক লোকমান মামুন। তিনি ঢাকার ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা। বাসটি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের কাজে ব্যবহার করা হতো।
পিরোজপুরে দুই বাসে আগুন, প্রাণ গেল ঘুমন্ত হেলপারের : পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা মো. সিয়াম নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে রাখা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ এবং ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুন দেখতে পেয়ে টহলরত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এ সময় আশপাশের বাসে ঘুমিয়ে থাকা লোকজনকে জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পাশাপাশি খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর পর ‘বাহক’ বাসের ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদিকে একই রাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাই মহল এলাকায় সড়কের পাশে থাকা চারটি দোকানে আগুন দেয় দুর্বৃত্তরা।
আরিচা ফেরি টার্মিনালে পার্কিংয়ে রাখা ট্রাকে আগুন : মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ফেরি টার্মিনালে পার্কিং করে রাখা একটি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাত সাড়ে ৯টায় ট্রাকটির কেবিনে আগুনের সূত্রপাত হয়। তবে স্থানীয় লোকজনের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ট্রাকটি।
গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন : গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, আগুন লাগা বাড়িটি মোজাম্মেল হকের পুরোনো টিনশেড বাসভবন। বাড়ির পাশেই তার আটতলা একটি ভবন রয়েছে, যেটি অক্ষত আছে। টিনশেড বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, একদল দুর্বৃত্ত বাড়ির ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে আগুন দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
সাবেক এমপি বাহারের বাসায় স্বেচ্ছাসেবক দলের আগুন : গোপালগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতে হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছেন দক্ষিণ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মিছিলের এক পর্যায়ে উত্তেজিত নেতাকর্মীরা কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয় এবং সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাসভবনে অগ্নিসংযোগ করেন। গতকাল বুধবার মধ্যরাতে নগরীর মুনসেফবাড়ি এলাকায় অবস্থিত বাহারের তিনতলা বাসভবনে আগুন দেওয়া হয়। একই সময়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়েও আগুন ধরিয়ে দেন তারা। এসময় বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। কয়েকজন যুবক বাইরে থেকে কাগজের মাধ্যমে আগুন ধরিয়ে দেন। কেউ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেননি।
স্বেচ্ছাসেবক লীগ সভাপতির বাড়িতে আগুন-ভাঙচুর : রাজধানীর কাফরুল থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বুধবার দুপুর পৌনে ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কাফরুল থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) শিলা। পুলিশ সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে কাফরুল থানাধীন উত্তর ইব্রাহিমপুরের ১৭৩ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। ২০ থেকে ২৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মিছিল নিয়ে এসে বাসাটির নিচতলার গ্যারেজে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে গ্যারেজে থাকা একটি মোটরসাইকেল ও সোফা পুড়ে যায়। পাশাপাশি কেয়ারটেকারের কক্ষও ভাঙচুর করা হয়। পরে স্থানীয় লোকজন প্রায় ১০ থেকে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর শাহাজাহান শিকদার (মিডিয়া) বলেন, আমাদের কাছে এবং ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কাছে কোনো আগুনের তথ্য আসেনি। তবে মিরপুর ফায়ার স্টেশনের কাছে একটি তথ্য এসেছিল বাড়িতে আগুন লেগেছে। গাড়ি বের হওয়ার পর জানানো হয় আগুন নিভিয়ে ফেলা হয়েছে।
বর্তমানদিন/বিশেষ