-
আশুলিয়া ও গাজীপুরে উৎপাদন ব্যাহত ১৫৬ কারখানার
-
সাভার ও আশুলিয়ায় ক্ষতিগ্রস্থ কারখানা ১৪০টি
- আশুলিয়ার ২১০ পোশাক কারখানা বন্ধ করে দেওয়ার চিন্তা মালিকদের
বিশেষ প্রতিনিধি
কর্মবিরতি, শ্রমিক অসন্তোষ, কর্মক্ষেত্রে বিশৃঙ্খলা, বিক্ষোভ ও কারখানায় ভাঙচুরের ঘটনা অব্যাহত থাকলে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারায় কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন তৈরি পোশাকশিল্পের মালিকরা।
এ বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন কারখানার মালিকরা। পরিস্থিতির উন্নতি না হলে আগামী শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে জরুরি সাধারণ সভায় (ইজিএম) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
চলমান শ্রমিক অসন্তোষ ও শিল্পকারখানার পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণে জরুরি সাধারণ সভা আহ্বান করতে যাচ্ছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ ও কর্মসূচি অব্যাহত রাখলে এবং কারখানায় ভাঙচুর ও সম্পদ নষ্টের ঘটনা ঘটতে থাকলে মালিকপক্ষ আরও কঠোর অবস্থানে যেতে পারে। এমন পরিস্থিতিতে শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধের পাশাপাশি মজুরি বোর্ডের আলোচনায় অংশগ্রহণের বিষয়টিও পুনর্বিবেচনা করতে পারেন তারা।
বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানের নির্দিষ্ট শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘট হলে মালিক ওই শাখা বা প্রয়োজনে পুরো প্রতিষ্ঠান বন্ধ করতে পারবেন। এবং এরূপ বন্ধের ক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকগণ কোনো মজুরি পাবেন না।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, মজুরি নিয়ে আলোচনা চলার পাশাপাশি কারখানায় বিশৃঙ্খলা অব্যাহত থাকতে পারে না। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, ‘মজুরির আলোচনা চলবে, একই সঙ্গে বিশৃঙ্খলাও চলবে, সেটা তো হতে পারে না।
গতকাল সভায় সিদ্ধান্ত হয়েছে, আজ পর্যন্ত আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করব। পরিস্থিতির উন্নতি না হলে শিল্পের স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হবে।’ মাহমুদ হাসান খান বলেন, ‘মজুরি বোর্ডের সভায় আমরা আন্তরিকতা নিয়ে আলোচনায় অংশ নেব, অন্যদিকে বিশৃঙ্খলা চলতে থাকবে, সেটা হবে না।’
বিজিএমইএ সভাপতি আরও বলেন, মালিকপক্ষ মজুরি নিয়ে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে আগ্রহী। তবে আলোচনার পাশাপাশি কারখানায় অস্থিতিশীল পরিস্থিতি চলতে থাকলে তা মেনে নেওয়া সম্ভব নয়। আলোচনার পরিবেশ বজায় রাখতে হলে শিল্পকারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ও শৃঙ্খলাও নিশ্চিত করতে হবে।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন পোশাকশ্রমিকরা। এ সময় বিভিন্ন কারখানায় ভাঙচুর, সড়ক অবরোধ এবং উৎপাদন কার্যক্রমে বিঘ্ন ঘটানোর ঘটনাও ঘটেছে।
আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার গত ১ নভেম্বর নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। বোর্ড গঠনের পর ইতোমধ্যে দুটি সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা নতুন মজুরি কাঠামো নিয়ে আলোচনা করেন।
সর্বশেষ সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন। অন্যদিকে, মালিকপক্ষ পরবর্তী সভায় তাদের প্রস্তাব উপস্থাপনের কথা জানিয়েছে। তবে মজুরি বোর্ড গঠন ও আলোচনা শুরু হলেও শ্রমিকদের আন্দোলন থামেনি।
অনেক শ্রমিক এখনো কাজে যোগ না দিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন স্থানে কারখানায় ভাঙচুর, সম্পদের ক্ষতিসাধন ও সড়ক অবরোধের ঘটনা ঘটছে। এতে শিল্পাঞ্চলে অস্থিরতা বাড়ার পাশাপাশি কারখানার উৎপাদন কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
আশুলিয়ার ২১০ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের চিন্তা মালিকদের : এক জরুরি বৈঠকে শিল্পমালিকেরা এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন। আগামী শনিবার সব সদস্যের অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত একাধিক সূত্র।
শ্রমিক অসন্তোষের জেরে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ায় আশুলিয়ার ২১০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার কথা ভাবছেন মালিকেরা। চলমান শ্রমিক আন্দোলনের জেরে গত বুধবার আশুলিয়া, জামগড়া ও হেমায়েতপুর এলাকার ১৪৩টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে।
এক জরুরি বৈঠকে শিল্পমালিকেরা এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন। আগামী শনিবার সব সদস্যের অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত একাধিক সূত্র।
কারখানামালিকেরা বলছেন, শ্রমিকেরা কারখানায় প্রবেশ করলেও কাজ করছেন না। কেউ কেউ হাজিরা দিয়ে কারখানা থেকে বেরিয়ে যাচ্ছেন। এ পরিস্থিতিতে কিছু কারখানায় প্রায় দুই সপ্তাহ ধরে উৎপাদন কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না। ইতোমধ্যে কয়েকটি কারখানার মালিক বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধের নোটিশ দিয়েছেন।
স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও দেশের অন্যতম শীর্ষ পোশাক রপ্তানিকারক শোভন ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “সভায় উপস্থিত নেতাদের পরামর্শ অনুযায়ী, আশুলিয়াসহ শ্রমিক অসন্তোষপ্রবণ এলাকার ২১০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।”
ইতোমধ্যে কয়েকটি কারখানার মালিক শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধের ঘোষণা দিয়েছেন’ জানিয়ে তিনি বলেন, “আগামী শনিবার সব সদস্যকে নিয়ে সভা হবে। ওই সভায় কারখানা বন্ধের এ সিদ্ধান্ত জানানো হবে।”
আশুলিয়াসহ সাভারের বিভিন্ন এলাকায় হা-মীম, নিউ এজ, অনন্ত গার্মেন্টস, স্টার্লিং, এনভয়, ইসলাম ও ডেকোসহ বেশ কয়েকটি বড় পোশাক কারখানা রয়েছে। বিজিএমইএর সূত্র অনুযায়ী, এসব এলাকার কারখানাগুলোতে প্রায় তিন লাখ শ্রমিক কাজ করেন।
বৈঠকে উপস্থিত বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ রাশেদ বলেন, “একদিকে কারখানায় শ্রমিকেরা কাজ করছেন না, ভাঙচুর করছেন। অন্যদিকে মজুরি নিয়ে আলোচনা চলছে। দুটি একসঙ্গে চলতে পারে না।” তিনি বলেন, “কোনো কোনো কারখানায় গত ১১ দিন ধরে উৎপাদন কার্যক্রম চালানো সম্ভব হয়নি। তারা শ্রমিকদের বেতন কীভাবে দেবে?”
এর আগেও শ্রমিক অসন্তোষপ্রবণ এলাকার কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধের উদ্যোগ নিয়েছিল বিজিএমইএ। তবে সরকারের পক্ষ থেকে কারখানা চালু রাখার অনুরোধ জানানো হলে মালিকেরা তা চালু রাখেন।
এর মধ্যে নতুন মজুরি বোর্ডের সভায় শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর করার ঘোষণাও দেওয়া হয়। এরপর গাজীপুর, রাজধানীর মিরপুর ও নারায়ণগঞ্জের মতো এলাকায় শ্রমিকেরা কাজে ফিরলেও আশুলিয়াসহ সাভারের কিছু এলাকায় অসন্তোষ কমেনি। এ পরিস্থিতিতে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার দাবিতে বিজিএমইএর ওপর চাপ বাড়াতে থাকেন কারখানামালিকেরা।
শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী, শ্রমিকদের অবৈধ ধর্মঘটের ক্ষেত্রে নিয়োগকর্তা সংশ্লিষ্ট বিভাগ বা প্রতিষ্ঠান আংশিক কিংবা সম্পূর্ণ বন্ধ রাখতে পারেন। এ ধরনের বন্ধের সময় শ্রমিকদের মজুরি পাওয়ার ক্ষেত্রে আইনে নির্দিষ্ট শর্ত ও সীমাবদ্ধতা রয়েছে। এদিকে কারখানা বন্ধ হলে চলমান রপ্তানি ক্রয়াদেশের পোশাক উৎপাদন নিয়ে উদ্বেগ রয়েছে শিল্পমালিকদের মধ্যে।
শোভন ইসলাম জানান, অন্য কারখানায় আগে থেকেই ক্রয়াদেশের চাপ থাকা এবং কমপ্লায়েন্সসংক্রান্ত বাধ্যবাধকতার কারণে চাইলেই যেকোনো কারখানায় সাবকন্ট্রাক্টের মাধ্যমে উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব নয়। তিনি বলেন, “চাইলেই সাবকন্ট্রাক্ট ব্যবস্থায় উৎপাদন করা যাবে না। ফলে কারখানাগুলোকে বাড়তি খরচে আকাশপথে পণ্য পাঠাতে হতে পারে। এমনকি ক্রয়াদেশ বাতিলও হতে পারে।”
নাম প্রকাশ না করার শর্তে বিজিএমইএর এক নেতা বলেন, বুধবারও আশুলিয়াসহ সাভারের বিভিন্ন এলাকায় ১৪০টির বেশি কারখানায় শ্রমিকেরা কাজ না করায় উৎপাদন বন্ধ ছিল। তিনি জানান, সকাল সাড়ে ১১টা পর্যন্ত উৎপাদন বন্ধ থাকা কারখানার সংখ্যা ছিল ৫০টি।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ সংখ্যা বেড়েছে। তবে গাজীপুর, রাজধানীর মিরপুর ও নারায়ণগঞ্জ এলাকায় নতুন করে উল্লেখযোগ্য শ্রমিক অসন্তোষ কিংবা কারখানা বন্ধের খবর পাওয়া যায়নি।
বর্তমানদিন/ফআ