বর্তমানদিন ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এ ঘটনা ঘটে। হামলাকারীদের আক্রমণ থেকে দৌড়ে নিরাপদ স্থানে সরে গিয়ে রক্ষা পান তিনি।
প্রত্যক্ষদর্শী ও সংগঠন সূত্রে জানা যায়, মঙ্গলবার শ্রীমঙ্গলে অবস্থানকালে একদল দুর্বৃত্ত হাসিব আল ইসলামের ওপর অতর্কিতভাবে হামলার চেষ্টা করে। এ সময় হামলাকারীরা তাকে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যা দেয় এবং চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে তার দিকে এগিয়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত ঘটনাস্থল থেকে দৌড়ে সরে যান হাসিব। এতে বড় ধরনের শারীরিক ক্ষতির হাত থেকে রক্ষা পান তিনি।
এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করেছে জাতীয় ছাত্রশক্তি ও সংশ্লিষ্টরা। তাদের অভিযোগ―রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে পরিকল্পিতভাবে এ হামলার চেষ্টা চালানো হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ব্যক্তিদের লক্ষ্যবস্তু করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এ ঘটনা ঘটেছে বলেও দাবি করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
উল্লেখ্য, হাসিব আল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন। গত ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচিত হন।
এর আগে সংগঠনটির পূর্ববর্তী কাঠামো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন।
বর্তমানদিন/ফআ