বুধবার, নভেম্বর ১১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানিতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক
  Date : 11-11-2026
Share Button

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধান ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘের সম্মেলন কপ-৩১ উপলক্ষে আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলনের আগের দিন সন্ধ্যায় এ বৈঠক হয়।

বৈঠকে প্রতিরক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি নিরাপত্তা, খনিজ সম্পদ ব্যবস্থাপনা এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসে। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে দুই নেতা আলোচনা করেন।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে এরদোয়ানের সঙ্গে তাঁর আগের বৈঠকের প্রসঙ্গ তুলে ধরেন। দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান।

প্রতিরক্ষা ও বাণিজ্যে নতুন সম্ভাবনা : বাংলাদেশ ও তুরস্কের প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর ও বহুমুখী করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ খাতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি যৌথ বিনিয়োগের সম্ভাবনাও কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরিতে পারস্পরিক যোগাযোগ ও আলোচনার পরিধি বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করতে উভয় দেশের যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

জ্বালানি ও খনিজ সম্পদে যৌথ উদ্যোগের আলোচনা : জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি খনিজ সম্পদ খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা করেন দুই নেতা। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ খাতে দুই দেশের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলা গেলে বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলে আলোচনায় গুরুত্ব পায়।

জলবায়ু সংকট মোকাবিলায় সহযোগিতার আহ্বান : জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জলবায়ু সংকট মোকাবিলায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ উদ্যোগের বিষয়টিও আলোচনায় স্থান পায়।

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের পাশে চায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট মোকাবিলায় তুরস্কের ধারাবাহিক সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের সংহতি এবং আশ্রয়শিবিরগুলোতে মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য দেশটির প্রতি ধন্যবাদ জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ ও ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন এবং সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানের প্রতি সমর্থন অব্যাহত রাখতেও তুরস্কের প্রতি আহ্বান জানান তিনি।


বর্তমানদিন/ফআ



  
  সর্বশেষ
নাশকতায় জড়িত ঢাবি কর্মচারী সাময়িক বরখাস্ত
বৃষ্টির সুফল ঢাকার বাতাসে, কমেছে বায়ুদূষণ
তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com