নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি তাকে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছে।
এছাড়া ককটেল বিস্ফোরণে এক প্রাইভেটকার চালক গুরুতর আহত হওয়ার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদারে একাধিক পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে ক্যাম্পাসের ছয়টি প্রবেশপথে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন এবং বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রত্যক্ষদর্শী ও প্রক্টরিয়াল টিম সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ (এফবিএস) প্রাঙ্গণ এবং কলা ভবনের পাশের শ্যাডো ও মল চত্বরসংলগ্ন এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এর আগে গত রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায়ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যা সোয়া ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে অন্তত সাত থেকে আটটি স্থানে ৮ থেকে ১০টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
ওই দিন টিএসসি ও মেট্রোরেল স্টেশন এলাকা দিয়ে পালানোর সময় রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩) নামের তিন সন্দেহভাজনকে আটক করেন শিক্ষার্থীরা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
একের পর এক বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে জরুরি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রাংসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল জোরদারের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম ও বিএনসিসির সমন্বয়ে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন করার সিদ্ধান্ত নেয়া হয়। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা এবং সার্বক্ষণিক মনিটরিং কার্যক্রমও জোরদার করা হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ক্যাম্পাসে নাশকতা, বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টি এবং স্বাভাবিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। অপরাধে জড়িত ব্যক্তির পরিচয়, পদমর্যাদা কিংবা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিবিধান ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বর্তমানদিন/ফআ