শনিবার, নভেম্বর ২১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
কৌশলী নীরবতায় দিল্লি: শেখ হাসিনা ইস্যুতে স্থিতাবস্থা
  Date : 21-11-2026
Share Button

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের রাজনীতির উত্তপ্ত সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের তীক্ষ্ণ বক্তব্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ দাবি এবং তিন দশকের পুরোনো গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার সন্ধিক্ষণ; সব মিলিয়ে ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এমন প্রেক্ষাপটে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বাংলাদেশ ও শেখ হাসিনা ইস্যুতে মুখপাত্র রণধীর জয়সওয়ালের ‘কৌশলী নীরবতা’ ও পরিমিত বক্তব্য বিশেষ তাৎপর্য বহন করছে।

অভ্যন্তরীণ রাজনীতি এড়িয়ে যাওয়ার কৌশল : বৃহস্পতিবার লালমনিরহাটের জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি ভারতের নাম উল্লেখ না করলেও সীমান্তের ওপারে আশ্রয় নেওয়া গোষ্ঠী এবং তাদের ‘প্রভুদের’ প্রতি ইঙ্গিত করে কড়া বার্তা দেন। দেশে চলমান অস্থিরতা ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রীর এই বক্তব্য দুই দেশের কূটনৈতিক মহলে বেশ গুরুত্ব পায়। তবে শুক্রবার নয়াদিল্লির ব্রিফিংয়ে জয়সওয়াল এই বিতর্কে জড়াতে চাননি। ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য নেই’; এই একটি বাক্যের মাধ্যমে ভারত মূলত দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন করে কোনো প্রকাশ্য বাগ্যুদ্ধ এড়িয়ে যাওয়ার বার্তা দিয়েছে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ইতিহাস ও সাংস্কৃতিক বন্ধনের দোহাই দিয়ে নয়াদিল্লি বোঝাতে চাইছে যে, তারা ঢাকার বর্তমান নির্বাচিত সরকারের সাথে কাজের সম্পর্ক (ওয়ার্কিং রিলেশনশিপ) বজায় রাখতে আগ্রহী, তবে রাজনৈতিক স্পর্শকাতর বিষয়গুলোতে এখনই প্রকাশ্যে মুখ খুলতে চায় না।

গঙ্গা চুক্তির ভবিষ্যৎ ও পানির হিস্যা নিয়ে অনিশ্চয়তা : ব্রিফিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল গঙ্গার পানি বণ্টন চুক্তি প্রসঙ্গ। আগামী ১২ ডিসেম্বর ১৯৯৬ সালের ৩০ বছর মেয়াদী এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। চুক্তি নবায়নের বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে গত ১৭ নভেম্বর বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ভারতের জলশক্তি মন্ত্রী সি আর পাতিলকে চিঠি দিয়েছেন।

অন্যদিকে, নিয়মিত বাধ্যতামূলক বৈঠকের অংশ হিসেবে গতকাল শনিবার থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ভারতের একটি কারিগরি দল ঢাকা সফর করবে। তবে এই বৈঠকে চুক্তি নবায়নের বিষয়টি এজেন্ডায় নেই বলে জানা গেছে। শুক্রবারের ব্রিফিংয়ে জয়সওয়াল ‘যৌথ নদী কমিশনের’ (জয়েন্ট রিভার কমিশন-জেআরসি) কাঠামোর কথা বললেও চুক্তি নবায়ন বা অন্তর্বর্তীকালীন কোনো ব্যবস্থার বিষয়ে কোনো আশ্বাস দেননি। বরং তিনি ‘নিজেদের স্বার্থ রক্ষা করে’ সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেছেন, যা পানি বণ্টনের দরকষাকষিতে ভারতের কঠোর অবস্থানের ইঙ্গিত দেয়।

শেখ হাসিনা ইস্যুতে স্থিতাবস্থা : শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি এখনো দুই দেশের সম্পর্কের অন্যতম প্রধান কাঁটা হয়ে রয়েছে। লন্ডনভিত্তিক আইনজীবীদের মাধ্যমে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি’র জন্য আবেদন এবং ঢাকার পক্ষ থেকে তা নাকচ করে পুনরায় প্রত্যর্পণের দাবি জানানোয় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। কিন্তু জয়সওয়াল ‘নতুন কোনো তথ্য নেই’ বলে বিষয়টিকে আপাতত হিমাগারে রাখার কৌশলই নিয়েছেন।

সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বলছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারত আপাতত সতর্ক ও সংযত কূটনৈতিক অবস্থান বজায় রাখতে চাইছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে প্রকাশ্যে মন্তব্য এড়িয়ে গেলেও পানি বণ্টন ও প্রত্যর্পণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট অগ্রগতি দৃশ্যমান নয়।

দুই দেশের সম্পর্ক স্বাভাবিক ও কার্যকর রাখতে রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি অমীমাংসিত বিষয়গুলোর সমাধান জরুরি। বিশেষ করে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নবায়ন নিয়ে আলোচনা এবং শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে অগ্রগতি আগামী দিনে ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

বর্তমানদিন/ফআ



  
  সর্বশেষ
জননিরাপত্তায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন
স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি
পরিবেশবান্ধব শিল্পায়নে বিশ্বরেকর্ড গড়ল অ্যাডজি ট্রিমস লি.
বরগুনার বামনাকে বাঁচাতে ১৩১ কোটি টাকার প্রকল্প, মন্ত্রণালয়ে জমা পড়লো নতুন ডিপিপি

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com