ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে পার্কিং করে রাখা একটি বাস। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচান শেখ (৫৫) ধোঁয়ায় শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় পৌর বাস টার্মিনালসংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।
নিহত কালাচান শেখ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর গ্রামের বাসিন্দা। তিনি মৃত নুরুদ্দিন শেখের ছেলে। প্রায় ৩০ বছর ধরে বাস চালকের পেশায় নিয়োজিত ছিলেন তিনি।
পুলিশ ও বাসশ্রমিক সূত্রে জানা যায়, আগুনে পুড়ে যাওয়া ‘কিশোর-তন্ময়’ পরিবহনের বাসটি ফরিদপুর-মাদারীপুর আঞ্চলিক সড়কে চলাচল করত। প্রায় দেড় বছর ধরে বাসটি চালাচ্ছিলেন কালাচান শেখ। তিনি গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে থাকলেও রাতে বাসায় ফিরতে দেরি হলে বাসটির ভেতরেই ঘুমাতেন। বাসটির মালিক তপন কুমার দাস (৫০)। তিনি ফরিদপুর শহরের রথখোলা সিনপাড়া এলাকার বাসিন্দা।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শ্রীবাস বাড়ৈ বলেন, রাত ১টা ৫৫ মিনিটে আগুনের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন। ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। এ সময় বাসের চালক অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
ফরিদপুর মোটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার জানান, বাসটি বাস টার্মিনালের পাশে পার্কিং করে ভেতরেই ঘুমিয়ে ছিলেন কালাচান শেখ। রাতে বাসটিতে আগুন দেওয়া হলে তিনি বের হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের এএসপি (সদর সার্কেল) আজমীর হোসেন বলেন, একটি মোটরসাইকেলে করে তিনজন এসে বাসটিতে আগুন দেন। তাদের একজন বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেন। বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচান অগ্নিদগ্ধ হননি; তবে দ্রুত বের হয়ে আসার পর ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বর্তমানদিন/ফআ