কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাট হাসপাতালে জন্ম দরিদ্র পরিবারের মেয়ে সেলিনার। নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা পরিবারে। তাই জন্মের পর মেয়েকে দত্তক দেওয়া হয়। সেলিনার বয়স যখন মাত্র দেড় বছর, তখন দত্তক নেওয়া একটি ডাচ পরিবারের সঙ্গে তিনি পাড়ি জমান নেদারল্যান্ডসে। নাম পাল্টে হয়ে যান সেলিনা গোমেজ। এরপর কেটে গেছে প্রায় ৪৫ বছর।
এই দীর্ঘ সময়ের ব্যবধানে এলাকায় শৈশবের কোনো স্মৃতি এখন আর মনে নেই সেলিনার। তবে পুরোনো কিছু নথিতে পাওয়া নাম আর জন্মস্থানের সূত্র ধরে নাড়ির টানে জন্মভিটায় ফিরে আসেন তিনি। খুঁজে ফেরেন নিজের বাবা-মা ও স্বজনদের।
৪৬ বছর বয়সী সেলিনা বর্তমানে নেদারল্যান্ডসের নাগরিক।
জন্মদাতা পরিবারের সন্ধান পেতে কক্সবাজারের বিভিন্ন এলাকায় ঘুরছেন তিনি। বিতরণ করছেন লিফলেট। ছুটছেন সম্ভাব্য সবখানে। সেলিনার আশা, দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে, তিনি ফিরে পাবেন তার পরিবারকে। গত কয়েকদিনের গল্প এটি। সেলিনার ভ্রমণ সহকারী রাসেল আলম জানান, প্রায় সাত-আট বছর আগে প্রথমবার বাংলাদেশে আসেন সেলিনা। এরপর একাধিকবার এসেছেন।
সর্বশেষ গত ২৮ অক্টোবর তিনি বাংলাদেশে আসেন। পরে এক ঘনিষ্ঠজনের মাধ্যমে সেলিনার সঙ্গে তার পরিচয়। এরপর থেকে সেলিনার পরিবারকে খুঁজে পেতে তিনি পাশে থেকে সহযোগিতা করছেন।
গত শনিবার (৭ নভেম্বর) সেলিনা চকরিয়ার বিভিন্ন এলাকায় যান। হাতে লিফলেট নিয়ে একে-ওকে দেখান। মা-বাবা কিংবা পরিবারের অন্য কোন সদস্যকে খুঁজে পাওয়ার আশায় তার এই ছুটে চলা। সেখানেই এক ব্যক্তি নিজেকে সেলিনার ভাই হিসেবে পরিচয় দেন।
রোববার (৮ নভেম্বর) ওই ব্যক্তি কক্সবাজার শহরে এসে সেলিনা গোমেজের সঙ্গে দেখা করেছেন।
শহরের একটি তারকা হোটেলে তাদের দেখা হয়। সেলিনা ওই ব্যক্তির ডিএনএ স্যাম্পল সংগ্রহ করেছেন। ঢাকায় গিয়ে সেটি পরীক্ষা করবেন। যদি ডিএনএ তার সঙ্গে মিলে যায় তাহলে খুঁজতে থাকা পরিবারের সন্ধান পেতে পারেন তিনি। ভাই পরিচয় দেওয়া ব্যক্তির নাম আবু সৈয়দ। তার বাবা মোহাম্মদ ছাছি মিয়া ও মায়ের নাম সোনা বানু। তিনি চকরিয়া পৌরসভার চিরিঙ্গা ভরামুহুরী মসজিদ পাড়ার বাসিন্দা। আবু সৈয়দের জন্ম ১৯৭২ সালের ১৪ জানুয়ারি।
সেলিনা গোমেজের কাছে থাকা ভ্রমণ-সংক্রান্ত পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র পর্যালোচনা করে দেখা গেছে, তার সংগ্রহে রয়েছে শৈশবের একটি সাদা কালো ছবি এবং নেদারল্যান্ডসে যাওয়ার সময়কার পাসপোর্টের ফটোকপি। ওই পাসপোর্টে তার জন্মতারিখ লেখা আছে ১৯৮১ সালের ৭ জুলাই। জাতীয়তা লেখা আছে বাংলাদেশি। এসব নথিই এখন পরিবারের সন্ধানে তার প্রধান অবলম্বন।
সেলিনার কাছে জন্মভূমির স্মৃতি বলতে তেমন কিছুই নেই। বাংলা ভাষাও বলতে পারেন না। তবু নিজের শেকড়ের সন্ধানে তার এই প্রচেষ্টা থেমে নেই। শৈশবের ছবিটি আর পুরনো পাসপোর্টের ফটোকপি এখন তার কাছে শুধু পরিচয়ের দলিল নয়। বরং খোঁজে না পাওয়া পরিবারের কাছে পৌঁছানোর একমাত্র সূত্র।
সেলিনা গোমেজ বলেন, আমি আমার মা-বাবাকে খুঁজছি। তাদের খুব মিস করি। তাদের মনে করতে পারি না। তবে জানি, আমার বর্তমান মায়ের নাম হেলেনা গোমেজ ও বাবার নাম বেনেডি গোমেজ।
বর্তমানদিন/ফআ