রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ
  Date : 17-10-2026
Share Button

অনলাইন ডেস্ক:

দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজের গ্রন্থাগারে (লাইব্রেরি) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে লেখা তিনটি বই সংগ্রহ ও সংরক্ষণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

গত ২৭ সেপ্টেম্বর স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা এক নির্দেশনায় অধীনস্থ সব দপ্তরপ্রধানকে এ বিষয়ে দ্রুত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর ইতিমধ্যে তাদের নিয়ন্ত্রণাধীন সব প্রতিষ্ঠানে এই নির্দেশনা বাস্তবায়নের জন্য লিখিত তাগিদ পাঠিয়েছে।

বই তিনটি হলো—প্রয়াত গবেষক ও সাংবাদিক মাহফুজ উল্লাহর লেখা `প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী` এবং `বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম`, এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজের লেখা গ্রন্থ `সবার আগে বাংলাদেশ`। তিনটি বইয়ের মোট সম্মিলিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৭০০ টাকা।

নথি পর্যালোচনায় দেখা গেছে, বইগুলোর প্রকাশক ‘জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা’র পক্ষে জহির দীপ্তি গত ২৩ আগস্ট স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিতের কাছে একটি আনুষ্ঠানিক আবেদন জমা দেন। আবেদনে বইগুলোকে দেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে উল্লেখ করে সব মেডিকেল লাইব্রেরিতে সংরক্ষণের অনুরোধ জানানো হয়।

প্রতিমন্ত্রী এম এ মুহিত ওই চিঠিতে তার নিজ সই, তারিখ ও অফিশিয়াল সিলমোহরসহ `জোর সুপারিশ করা হলো` লিখে স্বাস্থ্যসেবা বিভাগকে ব্যবস্থা নেওয়ার অনুমোদন দেন।

চিঠিতে প্রকাশনা সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়, চিকিৎসাসেবার সঙ্গে জড়িত পেশাজীবী, নার্স, শিক্ষার্থী এবং সেবা নিতে আসা সচেতন নাগরিকদের জন্য এই বইগুলো পাঠ অত্যন্ত সময়োপযোগী ও মূল্যবান অভিজ্ঞতা হবে। প্রতিমন্ত্রীর সেই অনুমোদনের আলোকেই পরবর্তীতে দপ্তরপ্রধানদের নির্দেশ দেয় স্বাস্থ্যসেবা বিভাগ।

উল্লেখ্য, প্রাথমিক বিদ্যালয়গুলোতে একই ধরনের একটি আদেশ জারি করে পরবর্তীতে তা বাতিল করার তিন মাসের মাথায় মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রে এই নতুন নির্দেশনা এল।

এর আগে গত ৩ জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে এই তিনটি বই সব সরকারি প্রাথমিকে রাখার নির্দেশ দেওয়া হলেও ব্যাপক আলোচনার পর গত ৬ জুলাই তা বাতিল করেছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

রাজনৈতিক ব্যক্তিত্বদের জীবনীভিত্তিক বই সরকারি খরচে শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণের এমন নজির অতীতেও দেখা গেছে। এর আগে ২০১৯ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের আমলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে শেখ মুজিবুর রহমানের ওপর শিশু একাডেমি প্রকাশিত ২৭টি বই কেনার বাধ্যতামূলক নির্দেশ দিয়েছিল।

একইভাবে ২০১৪ সালেও এক আমলার লেখা শেখ মুজিবকে নিয়ে তিনটি বই কেনার নির্দেশনা জারি করেছিল মাউশি।



  
  সর্বশেষ
সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারে ক্র্যাবের আল্টিমেটাম
প্রমত্তা পদ্মাপাড়ে গণমাধ্যমকর্মীদের মিলনমেলা অনুষ্ঠিত
৬ লাখ কোটি টাকার বেশি খেলাপি ঋণ
রিকশাচালকের ছেলে শতকোটি টাকার মালিক: কার ছত্রছায়ায় সোহেলের এই উত্থান?

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com