এ দেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি, তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে নির্বাচনী গণসংযোগে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা মানিকপাড়া এলাকায় স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি, তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়। অথচ এদেশের মানুষ সেটি চায় না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে।’ এদেশে গণতন্ত্র বিলুপ্ত হয়ে গিয়েছিল, বিলুপ্ত গণতন্ত্রকে বারে বারে বিএনপির নেতৃত্বে পুনরুদ্ধার করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘এদেশে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শত সহস্র মানুষ শহীদ হয়েছে, রাজপথে রক্ত দিয়েছ্ তাদের আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ বির্নিমাণ ও একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার।’ এই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ও শহীদের আকাঙ্ক্ষা পুরণের দেশ গড়তে ধানের শীষে ভোট চান তিনি।
তিনি বলেন, ‘আমরা অবাস্তব কিছু বলছি না, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা শিক্ষিত বেকার তৈরি করতে চাই না, আমরা কর্মক্ষম হাতের সৃজন করতে চাই। আমরা ১৮ কোটি মানুষের ৩৬ কোটি কর্মের হাত হিসেবে তৈরি করতে চাই।’
তিনি আরও বলেন, ‘এই হচ্ছে আমাদের পরিকল্পনা। আমরা পরিবেশের জন্য বলছি বৃক্ষরোপণ করব, খাল খনন করব, প্লাস্টিকের দূষণ ও ব্যবহার কমাবো। এ নিয়ে বিএনপির অনেক পরিকল্পনা রয়েছে। অথচ অন্যান্য দল যারা মাঠে রয়েছে, তাদের কোনো পরিকল্পনা নাই এদেশের মানুষের জন্য। তারা দেশে ধর্মীয় বিভাজন তৈরিতে ব্যস্ত।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিগত সময়ে দেশে অর্থনৈতিক যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিলো তা শৃংঙ্খলায় ফিরিয়ে আনবে বিএনপি।’ সেজন্য তিনি সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান টিপু মিয়া, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।