শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের গোপালখিলায় মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করেন তিনি।
জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান জানান, শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি শহীদ মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারতের পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াত আমির। এরপর তিনি শেরপুর পৌরপার্কে আয়োজিত জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে জেলার ৫২টি ইউনিয়ন থেকে জামায়াতের নেতা–কর্মী ও সমর্থকেরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন।
এদিকে জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা পুলিশ সুপার কামরুল ইসলাম জানান, পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র্যাব দায়িত্ব পালন করছে। শহরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।