নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
টাঙ্গাইলের সখীপুরে চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তি এবং তাঁদের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় চার সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা জানানো হয়। অবিলম্বে মিথ্যা মামলায় আটককৃত চার সাংবাদিকের মুক্তির দাবী জানানো হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, ময়মনসিংহ বিভাগীয় ইউনিটের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক, সম্পাদক-প্রকাশক পরিষদ বাংলাদেশের সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান, ওল্ড জার্নালিস্ট ফোরামের সভাপতি ও স্বাধীন বাংলার প্রধান সম্পাদক সালাহউদ্দিন মিঠু, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচালক (আইন) মোহাম্মদ আলী আবির, কেন্দ্রীয় সদস্য জামাল উদ্দিন খান, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ইয়াহিয়া আরিফ, সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম রাব্বি এবং বিভাগীয় আহ্বায়ক বিল্লাল হোসেন মানিকসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, সখীপুরের চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। একই সঙ্গে তাঁদের নিঃশর্ত মুক্তি এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সাংবাদিকদের হয়রানি করে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বাধাগ্রস্ত করা যাবে না। অবিলম্বে চার সাংবাদিকের মুক্তির ব্যবস্থা করা না হলে জাতীয় প্রেসক্লাবের সামনে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
এ সময় বক্তারা সাংবাদিক নির্যাতনের ঘটনায় কার্যকর ব্যবস্থা গ্রহণ, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত এবং স্বাধীন সাংবাদিকতার অনুকূল পরিবেশ বজায় রাখার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেন।
বর্তমানদিন/ফআ