বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   বিশেষ সংবাদ
ডিসেম্বরে দেশজুড়ে নাশকতার আশঙ্কা
  Date : 19-11-2026
Share Button

*ঢাকাকে অচল বা বিচ্ছিন্ন করার চেষ্টা হতে পারে * আকস্মিক জমায়েত, রাজধানীর প্রবেশপথে প্রতিবন্ধকতা তৈরি করে বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে

বিশেষ প্রতিনিধি

ডিসেম্বর মাসকে ঘিরে দেশজুড়ে বড় ধরনের নাশকতার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যের বরাতে পুলিশের দাবি, রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় সরকারি স্থাপনা, পুলিশি স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা হতে পারে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় বাড়ানো হচ্ছে গোয়েন্দা নজরদারি, নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা প্রস্তুতি।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশের তৎপরতা এবং বিদেশে অবস্থানরত নেতাদের নির্দেশনা ও অর্থায়নে সরকারি স্থাপনা, পুলিশি স্থাপনা এবং আর্থিক প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় হামলার পরিকল্পনা করা হচ্ছে বলে আশঙ্কা করছে পুলিশ।

এর মধ্যে বিশেষ লক্ষ্যবস্তু হিসেবে দেখা হচ্ছে রাজধানী ঢাকাকে। ঢাকায় আকস্মিক জমায়েত, প্রবেশপথে প্রতিবন্ধকতা তৈরি এবং গুরুত্বপূর্ণ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে ১ লাখ ৭০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার পুলিশ সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি নাশকতার পরিকল্পনাকারী, অর্থদাতা ও ইন্ধনদাতাদের শনাক্ত, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা করছে পুলিশ।

পুলিশ ও গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সম্ভাব্য নাশকতার পরিকল্পনা শুধু রাজধানীতে কোনো রাজনৈতিক জমায়েত বা যানবাহনে অগ্নিসংযোগের মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে। সরকারি অফিস-ভবন, আদালত, থানা, আর্থিক প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং যোগাযোগব্যবস্থাকে লক্ষ্য করে হামলার আশঙ্কা রয়েছে।

বিশেষ গোয়েন্দা তথ্যে বিদেশে অবস্থানরত ব্যক্তিদের নির্দেশনা ও অর্থায়নে দেশের বিভিন্ন এলাকায় কমিটি গঠন করে সরকারি অফিস ও ভবনে নাশকতার পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। দেশের ভেতরে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা এসব কর্মকাণ্ড সমন্বয় করতে পারেন বলে গোয়েন্দাদের ধারণা। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, মোবাইলফোনের কথোপকথন, সামাজিক যোগাযোগমাধ্যমে তৎপরতা এবং মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন বিশ্লেষণ করে অর্থের জোগানদাতা, পরিকল্পনাকারী ও মাঠপর্যায়ের সমন্বয়কারীদের শনাক্তের চেষ্টা চলছে।

গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ থেকে লোকজন সংগঠিত করে রাজধানীর কোনো একটি অংশে হঠাৎ জমায়েত করার পরিকল্পনার আশঙ্কা রয়েছে। এরপর রাজধানীর প্রবেশমুখ, গুরুত্বপূর্ণ সড়ক ও যোগাযোগব্যবস্থায় অবরোধ সৃষ্টি করে ঢাকাকে কার্যত অচল বা বিচ্ছিন্ন করার চেষ্টা হতে পারে। এ ধরনের জমায়েতকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ, যানবাহনে অগ্নিসংযোগ এবং সরকারি স্থাপনায় হামলার পরিস্থিতি তৈরি হতে পারে বলেও আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গোয়েন্দা সূত্রগুলোর ধারণা, রাজধানীর ভেতরে একাধিক জায়গায় একযোগে জমায়েত কিংবা সড়কে প্রতিবন্ধকতা তৈরি করা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে উঠতে পারে। তবে ঢাকাকে ঘিরে এমন কোনো পরিকল্পনা চূড়ান্ত হয়েছে কি না, কোথায় লোকজন জড়ো করা হবে কিংবা কারা সমন্বয় করছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি কর্মকর্তারা। গোয়েন্দা সংস্থাগুলো এসব তথ্য যাচাই করছে।

গোপালগঞ্জ ও আশপাশের জেলার পরিস্থিতি নিয়েও বিশেষ উদ্বেগ রয়েছে। গোয়েন্দাদের আশঙ্কা, সড়ক ও নৌপথে নাশকতা চালিয়ে গোপালগঞ্জসহ চারটি জেলাকে দেশের অন্যান্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হতে পারে। গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ, যানবাহনে আগুন এবং যোগাযোগব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি করে এমন পরিস্থিতি তৈরির পরিকল্পনার তথ্য পেয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার ধারাবাহিকতায় পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলার ঘটনাও নিরাপত্তা পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে। এ কারণে রাজধানীর পাশাপাশি গোপালগঞ্জ এবং আশপাশের জেলাগুলোর প্রবেশপথ, সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বাড়তি নজরদারির পরিকল্পনা নেওয়া হয়েছে।

টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্বেগ বাড়িয়েছে। গত ১৫ নভেম্বর রাতে পাটগাতী বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ব্যাংকের ভেতরে থাকা আসবাব, নথিপত্র ও অন্যান্য সামগ্রী আগুনে ক্ষতিগ্রস্ত হয়। এর আগে একই এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ এবং ব্যাংকের সামনে হামলার ঘটনাও ঘটে। ওই দিন গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় রাজনৈতিক কার্যালয়, নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। গ্রামীণ ব্যাংকের মতো একটি আর্থিক প্রতিষ্ঠানে হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। কারণ, গোয়েন্দা সূত্রের আশঙ্কা অনুযায়ী, সম্ভাব্য নাশকতার লক্ষ্যবস্তুর তালিকায় শুধু সরকারি স্থাপনা নয়, আর্থিক প্রতিষ্ঠানও থাকতে পারে।

এর দুই দিন পর মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অগ্নিসংযোগে অংশ নেওয়া দলটির কয়েকজন নেতাকর্মীর ফেসবুক লাইভ থেকে দেখা যায়, কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তারের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থানার সামনে জড়ো হন। পরে তারা থানায় হামলা চালিয়ে ভবনের বিভিন্ন অংশ ও প্রাঙ্গণে থাকা যানবাহনে আগুন দেন। হামলাকারীরা আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যান বলেও খবর পাওয়া গেছে। থানার আগ্নেয়াস্ত্র লুটের খবরও কয়েকটি সূত্রে এসেছে।

গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বাস ও অন্যান্য যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং পুলিশের স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনা ঘটছে। ৭ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ১০ দিনে সারা দেশে ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ৫৯টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে পুলিশ সদর দপ্তরের সূত্র জানিয়েছে। এসব ঘটনায় ৩৩টি মামলা হয়েছে এবং ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুটি পুলিশ স্থাপনাও ককটেল হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এর আগে এক পর্যায়ে তিন দিনে ১৯টি বাসে আগুন এবং ২৭টি স্থানে ককটেল বিস্ফোরণের তথ্যও জানিয়েছিল পুলিশ। এসব ঘটনার মধ্যে রাজধানী ও আশপাশের এলাকা ছাড়াও বিভিন্ন জেলার ঘটনা রয়েছে। পুলিশের ধারণা, ঘটনাগুলোর মধ্যে কোনো সমন্বয় বা পরিকল্পিত যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, সর্বশেষ মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন দেওয়া হয়েছে এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কারা জড়িত এবং ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সাম্প্রতিক বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনাগুলোকে ডিসেম্বর ঘিরে সম্ভাব্য নাশকতার আশঙ্কার সঙ্গে মিলিয়ে দেখছেন গোয়েন্দা কর্মকর্তারা।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাও আলোচনায় এসেছে।

গত ৯ নভেম্বর তার আইনজীবীদের পক্ষ থেকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদন করার খবর প্রকাশিত হয়। শেখ হাসিনা ডিসেম্বর মাসে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানিয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর এসেছে। তার বিদ্যমান ভ্রমণ নথি বাতিল হওয়ায় নতুন নথি চাওয়ার বিষয়টি সামনে আসে।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে দেশে ফেরানোর ক্ষেত্রে প্রত্যর্পণ প্রক্রিয়ার কথা বলা হয়েছে। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ডিসেম্বর মাসে শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিচ্ছেন। এসব ঘোষণাকে ঘিরে দেশের ভেতরে দলটির নেতাকর্মীদের সংগঠিত হওয়ার চেষ্টা চলছে কি না, তা নজরদারিতে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরজুড়ে দেশে বড় ধরনের নাশকতার আশঙ্কা রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটতে পারে। এ বিষয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছ থেকে পুলিশ তথ্য পাচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিস্থিতি মোকাবিলায় পুলিশের নিরাপত্তা ও অভিযান পরিকল্পনা সাজানো হচ্ছে।

তিনি বলেন, সাইবার জগৎ থেকে শুরু করে মাঠপর্যায় এবং প্রতিটি থানার আওতাধীন পাড়া-মহল্লায় পুলিশের নজরদারি ও কার্যক্রম জোরদার করা হবে। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে সারা দেশে ১ লাখ ৭০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার পুলিশ সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে। ঝুঁকিপূর্ণ জেলা, রাজধানীর প্রবেশমুখ, গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, থানা, সড়ক ও যোগাযোগব্যবস্থায় বাড়তি নিরাপত্তা দেওয়া হবে।

ওই কর্মকর্তা আরও বলেন, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন মামলার যেসব আসামি নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হতে পারেন কিংবা এ ধরনের কর্মকাণ্ডের পরিকল্পনা করছেন, তাদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চালানো হবে। একই সঙ্গে অবৈধ অস্ত্র উদ্ধারে দেশের সব থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। আসামি গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে সারা দেশে সমন্বিত অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সাইবার নজরদারি থেকে মাঠপর্যায়ের অভিযান—সব পর্যায়ে সমন্বয় রেখে কাজ করার পরিকল্পনা রয়েছে পুলিশের।

পাবনায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
গোয়েন্দা সূত্রের দাবি, সাম্প্রতিক নাশকতার ঘটনায় অর্থের জোগানদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্তের কাজও এগিয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মোবাইলফোনের কথোপকথন, বার্তা এবং মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন বিশ্লেষণ করে বিদেশে অবস্থানরত ব্যক্তিদের সঙ্গে দেশের ভেতরের কয়েকজনের যোগাযোগের তথ্য পাওয়া গেছে।

বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের কয়েকজনের অর্থায়নের অভিযোগও তদন্ত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দেশের ভেতরে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা সমন্বয় করে নাশকতার ঘটনা ঘটাচ্ছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কিছু ঘটনায় অর্থের বিনিময়ে লোক ভাড়া করে অগ্নিসংযোগ ও বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে তদন্তসংশ্লিষ্টদের দাবি। আবার কিছু ঘটনায় দলটির নেতাকর্মীরা সরাসরি অংশ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে সোমবার (১৬ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, নাশকতার ঘটনায় অর্থ জোগানদাতা, পরিকল্পনাকারী ও ইন্ধনদাতাদের কয়েকজনের নাম গোয়েন্দাদের হাতে এসেছে। তাদের মধ্যে কেউ দেশের বাইরে, আবার কেউ ঢাকার ভেতরে আত্মগোপনে রয়েছেন। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নাশকতাকারীরা রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগসহ বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটিয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে তারা বেশি দূর এগোতে পারেনি।

নাশকতাকারীদের পরিকল্পনা নস্যাৎ করতে অভিযান অব্যাহত রয়েছে।
গার্মেন্টসশ্রমিকদের সাম্প্রতিক আন্দোলন ঘিরেও আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর সংশ্লিষ্টতার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, কর্মপরিবেশ ও অন্যান্য দাবিতে চলা আন্দোলনের সঙ্গে রাজনৈতিক ইন্ধনের অভিযোগকে এক করে দেখছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তাদের বক্তব্য, শ্রমিকদের ন্যায্য দাবি ও আন্দোলনের অধিকার রয়েছে, কিন্তু সেই আন্দোলনের মধ্যে কোনো পক্ষ ঢুকে সহিংসতা, অগ্নিসংযোগ বা পুলিশের ওপর হামলার মতো ঘটনা ঘটাচ্ছে কি না, তা তদন্ত করা হচ্ছে। শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন থাকতে পারে বলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আগেও আশঙ্কা প্রকাশ করেছেন।

মিরপুরে শ্রমিক আন্দোলনের সময় পুলিশ কনস্টেবল মো. সাইমনকে ঘিরে ধরে মারধরের ঘটনায় ভিডিও ফুটেজ পর্যালোচনা করছে গোয়েন্দা পুলিশ। ওই ঘটনায় কারা সরাসরি অংশ নিয়েছেন এবং কারা পেছন থেকে ইন্ধন দিয়েছেন, তা শনাক্তের চেষ্টা চলছে। গোয়েন্দা সূত্রের দাবি, এ ঘটনায় তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করা হচ্ছে।

একই ঘটনায় সাবেক দুই অতিরিক্ত আইজিপি এবং সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার সংশ্লিষ্টতার তথ্যও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। এসব অভিযোগ এখনো তদন্তাধীন। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা আদালতে বা তদন্তের চূড়ান্ত ফলাফলে প্রতিষ্ঠিত হয়নি। শ্রমিকদের আন্দোলনকে ব্যবহার করে কেউ রাজনৈতিক উদ্দেশ্যে সহিংসতা ছড়ানোর চেষ্টা করেছে কি না, সেটিই তদন্তের বিষয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, পুলিশের নজরদারি ও টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন এবং দ্রুততম সময়ে সাড়া দেওয়ার মতো কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করবে। কাউকে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর সুযোগ দেওয়া হবে না। কেউ নাশকতার চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির ৬৪ জেলার পুলিশ সুপার, আট মহানগরের পুলিশ কমিশনার এবং আট রেঞ্জের উপমহাপরিদর্শককে বিশেষ নির্দেশনা দিয়েছেন। নাশকতায় সরাসরি জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা, ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগাম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজধানীর আশপাশের জেলাগুলোর পুলিশ সুপারদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। গোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ সদস্যের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, জনসমাগমস্থল, থানা ও সরকারি স্থাপনায় নজরদারি বাড়ানো হচ্ছে।


বর্তমানদিন/ফআ/বিশেষ



  
  সর্বশেষ
গোপালগঞ্জের আরেক এমপির বাড়িতে হামলা ও থানায় আগুন
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার
দেশে গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা চালাচ্ছে একটি অপশক্তি : স্পিকার
শহিদ মিনারের রূপকার হামিদুর রাহমান এর মৃত্যুবার্ষিকী আজ

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com