শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল ও অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত প্রায় এক ঘণ্টা পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা ও সংলগ্ন এক্সপ্রেসওয়ে অবরোধ করে রাখেন সংগঠনটির প্রায় দুই হাজার নেতাকর্মী।
এতে টোলপ্লাজার কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং পদ্মা সেতু ও সংযোগ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত দেড়টার দিকে জাজিরার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে বৈঠা হাতে জড়ো হন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তারা মিছিল নিয়ে টোলপ্লাজার সামনে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা তাদের অবস্থানের কারণে টোল আদায় কার্যক্রম বন্ধ থাকে।
এতে সেতু পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। অবস্থান কর্মসূচি চলাকালে প্রায় ২৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও প্রায় ২৫টি সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পরে পুলিশের তৎপরতায় অবরোধকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যান। এ ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, ‘মধ্যরাতে ধর্মঘট বাস্তবায়ন করতে আসা ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ ঘটালে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এরপর তারা ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। জড়িত সবার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা চলমান।’
বর্তমানদিন/ফআ