মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   নগর মহানগর
মালিবাগ-মৌচাকে পরপর ককটেল বিস্ফোরণ
  Date : 10-11-2026
Share Button

বর্তমানদিন ডেস্ক

রাজধানীর মালিবাগ ও মৌচাক মোড় এলাকায় অল্প সময়ের ব্যবধানে পরপর একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এসব বিস্ফোরণের ঘটনায় গোটা এলাকায় সাধারণ পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রথম বিস্ফোরণটি ঘটে মৌচাক মোড়ে অবস্থিত একটি বেসরকারি টেলিভিশনের কার্যালয়ের ঠিক সামনে। এর কিছুক্ষণ পরই মালিবাগ চৌধুরীপাড়ার পদ্মা সিনেমা হলের সামনে দ্বিতীয় দফায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, অত্যন্ত দ্রুততার সঙ্গে পরপর এসব বিস্ফোরণ ঘটলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটকের খবরও পাওয়া যায়নি এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে রাজধানীতে গত কয়েক দিন ধরে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের পাশাপাশি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা বাড়তে থাকায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নগরজুড়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।

মালিবাগের ঘটনার আগে একই দিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা দ্বিতীয় দিনের মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনের নিচে আকস্মিক বিস্ফোরণ ঘটে। এর পরপরই ক্যাম্পাসের টিএসসি এলাকা থেকে ককটেলভর্তি একটি ব্যাগ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে হাতেনাতে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন সাধারণ শিক্ষার্থীরা।

এর প্রায় সমসাময়িক সময়ে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা ‘লাব্বাইক পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। প্রায় একই সময়ে শিল্পাঞ্চল থানার আওতাধীন সাউথ ইউনিভার্সিটির সামনে আরও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ফার্মগেটের অগ্নিসংযোগ ও সাউথ ইউনিভার্সিটির সামনের বিস্ফোরণে কেউ হতাহত হননি বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

 

বর্তমানদিন/ফআ



  
  সর্বশেষ
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
‘শেখ হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে ফিরতে হবে’
বরগুনায় বিভিন্ন প্রতিষ্ঠানে তালা, পৌরসভার ট্রাকে আগুন
রাজধানীতে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com