ফরিদপুরের ভাঙ্গায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (২ নভেম্বর) রাত ৭টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার ইন্টারসেকশন মোড়ের খুলনামুখী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি মহল্লার দুলাল কাজীর ছেলে ইজাজুল কাজী (২০) এবং পার্শ্ববর্তী নগরকান্দার জিয়াকুলি গ্রামের শাহাদাত সরদারের ছেলে স্বাধীন সরদার (২০)।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জিনিয়া আক্তার বলেন, সন্ধ্যার পর দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত চারজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তাদের মধ্যে ইজাজুল কাজী ও স্বাধীন সরদারকে মৃত ঘোষণা করা হয়।
এছাড়া রাজন (২১) ও ইয়ামিন (২৮) নামের গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি তৌহিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার রাত ৭টার দিকে ভাঙ্গা ইন্টারসেকশন মোড়ের খুলনামুখী সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।