নিজস্ব প্রতিবেদক
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) সব ধরনের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে বেলা ১১টার পর কোনো ধরনের ক্লাসে অংশগ্রহণ না করারও সিদ্ধান্ত নিয়েছেন তারা।
বিশ্ববিদ্যালয়ের পুরোনো গবেষণার মাঠ পুনরুদ্ধারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার (৩ নভেম্বর) শিক্ষার্থীদের মতবিনিময় সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।
সভা শেষে শিক্ষার্থীরা জানান, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা স্থগিত থাকবে। পাশাপাশি প্রতিদিন বেলা ১১টার পর কোনো ক্লাসে অংশ নেবেন না তারা।
পুরোনো গবেষণার মাঠ বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন শেকৃবি শিক্ষার্থীরা। ওই মাঠে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে তারা মানববন্ধন, বিক্ষোভ, অবস্থান ও সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
শিক্ষার্থীদের দাবি, পুরোনো গবেষণার মাঠ সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
রাজধানীর শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের উদ্যোগ বাধার মুখে পড়েছে। পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন শেকৃবি শিক্ষার্থীরা। গত বুধবার তারা মাঠটিতে নির্মাণাধীন দুটি মেলার স্থাপনা ভাঙচুর করেন।
শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এ মাঠের জায়গা তাদের। এখানে তারা কৃষিবিষয়ক গবেষণার কাজ করেন। মাঠটিতে সচিবালয় স্থাপন করা হলে একদিকে তারা গবেষণার জায়গা হারাবেন, অন্যদিকে কৃষিবিষয়ক গবেষণাও ক্ষতিগ্রস্ত হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের পাশে সচিবালয় স্থাপন করা হলে ভবিষ্যতে নানান ধরনের সমস্যা তৈরি হতে পারে বলে মনে করছেন তারা।
বর্তমানদিন/ফআ