বিনোদন ডেস্ক
পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর ৩০তম পর্বে এসেছে বড় চমক। দীর্ঘ প্রতীক্ষার পর ধারাবাহিকটির দুই প্রধান চরিত্র জারিয়াব ও আবু বকর একে অপরের প্রতি ভালোবাসার কথা স্বীকার করলেও পর্বের শেষ দৃশ্যে ক্যানসারের ওষুধের উপস্থিতি গল্পে নতুন মোড় তৈরি করেছে।
উমেরা আহমেদের লেখা এবং সাকিব খানের পরিচালনায় নির্মিত নাটকটি বর্তমানে পাকিস্তানের টেলিভিশন দর্শকদের কাছে বেশ আলোচিত। প্রতি সপ্তাহেই জারিয়াব ও আবু বকরের সম্পর্কের পরিণতি জানতে আগ্রহ নিয়ে অপেক্ষা করেন দর্শকরা।
৩০তম পর্বে এসে সেই অপেক্ষার অবসান ঘটে। আবু বকর স্পষ্টভাবে জানান, তিনি সব সময়ই জারিয়াবকে ভালোবেসেছেন এবং প্রথম দেখার দিন থেকেই জারিয়াব তার জীবনের রঙ হয়ে উঠেছেন। আবু বকরের এমন আবেগঘন স্বীকারোক্তিতে আপ্লুত হয়ে পড়েন জারিয়াবও। দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই এটিকে ধারাবাহিকটির অন্যতম সেরা রোমান্টিক মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন।
তবে রোমান্টিক এই আবহের রেশ কাটতে না কাটতেই পর্বের শেষ দৃশ্যে বড় ধাক্কা খান দর্শকরা। সেখানে আবু বকরের বাড়িতে ক্যানসারের ওষুধ দেখা যায়। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা। আবু বকর নিজেই ক্যানসারে আক্রান্ত, নাকি তার মা এই রোগে ভুগছেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন দর্শকরা।
পর্বটি প্রচারের পর অনলাইনে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন অসংখ্য দর্শক। একজন দর্শক মন্তব্য করেছেন, ‘শুরু হয়েছিল সি দিয়ে, কনফেশন (প্রেমের স্বীকারোক্তি), আর শেষ হলো সি দিয়ে, ক্যানসার।’ আরেকজন লিখেছেন, ‘আবু বকর, তোমার স্বীকারোক্তির দৃশ্যটি অসাধারণ ছিল।’
শেষ দৃশ্যটি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অন্য এক দর্শক লিখেছেন, ‘শেষে এটা কী দেখলাম! দয়া করে গল্পটিকে বিয়োগান্তক করবেন না।’ প্রেমের স্বীকারোক্তির আনন্দের পর ক্যানসারের এই রহস্য দর্শকদের মধ্যে নতুন কৌতূহল তৈরি করেছে। আবু বকরের বাড়িতে ক্যানসারের ওষুধ আসার প্রকৃত কারণ জানতে এখন পরবর্তী পর্বের অপেক্ষায় রয়েছেন ভক্তরা। সূত্র: রিভিউ ইট
বর্তমানদিন/ফআ