বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
ঝড়-শিলাবৃষ্টিতে গাইবান্ধায় ৩৫০ হেক্টর জমির ফসলের ক্ষতি
  Date : 12-11-2026
Share Button

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় হঠাৎ শিলাবৃষ্টিতে মাঠে থাকা আধাপাকা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। দমকা হাওয়া ও শিলাবৃষ্টির কারণে জেলার বিভিন্ন স্থানে জমির আধাপাকা ধান গাছ হেলে পড়েছে। এতে ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

গত মঙ্গলবার (নভেম্বর) রাতে গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ ও ফুলছড়িসহ জেলার বিভিন্ন এলাকায় হঠাৎ করেই বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও শিলাবৃষ্টি শুরু হয়। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতও হয়। ফলে কৃষকের মাঠভরা ধানসহ বেশ কিছু আগাম জাতের সবজির ব্যাপক ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত শিলাবৃষ্টিসহ ঝড়ো বাতাস হয়। এতে কৃষকের মাঠভরা আধাপাকা ধানসহ শীতের বেশ কিছু ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া আকস্মিক এই আবহাওয়ায় বেশ কিছু এলাকায় জমির ধানের শীষ, শীতকালীন শাকসবজি, পেঁয়াজ, মরিচ ও কলায় বেশ কিছু রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

কৃষকরা জানান, এবছর আমন ধানের ফলন ভালো হয়েছিল। আর এক- দুই সপ্তাহ পরই ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। কিন্তু আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে অনেক ক্ষেতের ধানগাছ মাটিতে পড়ে গেছে। কোথাও কোথাও শিলার আঘাতে ধানের শীষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাকা ধান ঝরে পড়েছে। এতে উৎপাদন খরচ তোলার পাশাপাশি ধার-দেনা পরিশোধ করা নিয়েও দুশ্চিন্তায় পড়ছেন তারা।

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের হাসেম বাজারের কৃষক আব্দুর রহিম বলেন, এ বছর আমন ধানের ফলন বেশ ভালো হয়েছে। ধান আধাপাকা হয়েছে। কোনো কোনো জমির ধান কয়েক দিনের মধ্যেই কাটার প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টিতে ধানগাছ মাটিতে পড়ে গেছে। এতে আমার অনেক ক্ষতি হয়েছে। এখন এই ক্ষতি কীভাবে পুষিয়ে নেব, তা বুঝতে পারছি না।

আরেক কৃষক সাদা মিয়া বলেন, সারা বছর মাঠে পরিশ্রম করে ধান আবাদ করেছি। সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের পেছনে অনেক টাকা খরচ হয়েছে। এসব ধার-দেনা করে করেছি। ধান বিক্রি করে ঋণ পরিশোধ করব। কিন্তু ঝড় ও শিলাবৃষ্টিতে সেই আশা শেষ হয়ে গেছে। সরকার যদি ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ায়, তাহলে কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারব।

গোবিন্দগঞ্জের শালমারা গ্রামের আয়নাল হক বলেন, ধান কাটার ঠিক আগমুহূর্তে এমন দুর্যোগ আমাদের বড় বিপদে ফেলেছে। ঝড়ের কারণে ক্ষেতের ধান মাটিতে শুয়ে পড়েছে। জমিতে পানি জমাট বেঁধেছে। অনেক ধানের শীষও নষ্ট হয়েছে। শুধু ধান নয়, অন্যান্য ফসলেরও ক্ষতি হয়েছে।

গাইবান্ধা জেলা কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী ওই ঝড় ও শিলাবৃষ্টিতে জেলায় আমন ধানের ২৪৭ হেক্টর, শীতকালীন শাকসবজির ১৬ হেক্টর, পেঁয়াজের ৬৯ হেক্টর, মরিচের ১০ হেক্টর এবং ৮ হেক্টর জমির কলার ক্ষতি হয়েছে।

মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া বলেন, ঝড়ো বৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে কাজ করছি। এছাড়া কৃষকদের ক্ষতির পরিমাণ কমানোর জন্য বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি।

গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সুদর্শন শিকদার বলেন, আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে জেলায় মোট ৩৫০ হেক্টর জমির বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের চূড়ান্ত তালিকা তৈরি করতে আরও ৫ থেকে ৭ দিন সময় লাগতে পারে। এজন্য মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

তিনি আরও বলেন, চলতি মৌসুমে জেলার প্রায় ৮০ শতাংশ আমন ধান এরইমধ্যে পেকে গেছে। ফলে ধানের ক্ষয়ক্ষতি নিয়ে বড় ধরনের আশঙ্কা নেই বলে মনে করছে কৃষি বিভাগ। তবে ক্ষতিগ্রস্ত খেতগুলো পরিদর্শন করে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

 

বর্তমানদিন/ফআ



  
  সর্বশেষ
ককটেল আতঙ্ক: কোর্স শেষের আগেই দেশে ফিরছেন ৮ চীনা শিক্ষার্থী
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ৫৬৮ চাহিদাপত্র পেয়েছে বাংলাদেশ
মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে কালি লেপন
রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো সেই ওসির বদলি

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com