রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নের গোলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে অবস্থান করছে পাংশা থানা পুলিশ। সাংবাদিক রবিনের বাবা গোলাম মোস্তফা লুলু জানান, কেন কী কারণে তাদের ওপর হামলা হয়েছে জানেন না। স্থানীয় বিএনপি নামধারী নেতাকর্মীরা এ হামলা করেছে।
হামলাকারীরা তার স্ত্রী ডলি আক্তার, মেয়ে ঐশি আক্তার, ছেলের বউ শাহানা খাতুনকে মারধর এবং অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে সকল আসবাবপত্র ভাঙচুর এবং স্বর্ণ ও নগদ টাকা লুট করেছে। এর আগেও তার ওপর হামলা হয়েছে। তিনি ভদ্রভাবে মানুষের জন্য রাজনীতি করতেন এবং এলাকায় সবার বিপদে এগিয়ে যেতেন। কখনো কারো ক্ষতি করেননি।
তিনি আরও জানান, পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। এখন তিনিসহ তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তবে পাট্টা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু মাসুম জানান, স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা অভিযোগ করছেন তিনি, যা ভিত্তিহীন ও বানোয়াট।
বিএনপি নেতাকর্মীরা এ কাজ করেনি। রাজবাড়ী পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, বিষয়টি রাজনৈতিক নাকি অন্য কিছু সেটি তদন্তে ঘটনাস্থলে পাংশা থানার ওসিকে পাঠানো হয়েছে। তদন্ত সাপক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বর্তমানদিন/ফআ