বুধবার, নভেম্বর ১১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
‘জয় বাংলা’ স্লোগানে ভৈরব থানার সামনে ককটেল বিস্ফোরণ
  Date : 11-11-2026
Share Button

ভৈরব প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরব থানার প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। চলন্ত মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপের পর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন মোটরসাইকেল আরোহীরা। এ ঘটনার একটি ২১ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান দাবি করেছেন, থানার সামনে কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি। ট্রাকের চাকা বিস্ফোরিত হওয়ার শব্দকে ককটেল বিস্ফোরণ বলে মনে করা হয়েছে।

ঘটনার প্রায় এক ঘণ্টা পর ‘Mohammad Tamim’ নামের একটি ফেসবুক আইডি থেকে ২১ সেকেন্ডের ভিডিওটি আপলোড করা হয়। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘অবৈধ মামলার প্রতিবাদে ভৈরব থানার সামনে ককটেল উপহার দিলেন Royal Riad ভাই। জয় বাংলা!’

পরে ‘Royal Riad’ নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি শেয়ার করে লেখা হয়, ‘সকালে মামলা দিলেন, রাইতে ককটেল দিলাম। আমি এমনই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’ এই পোস্টের পর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রয়েল রিয়াদের গ্রামের বাড়ি ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ এলাকায়। তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। বর্তমানে তিনি অস্ট্রেলিয়াপ্রবাসী।

ভাইরাল হওয়া ভিডিওতে ককটেল বিস্ফোরণের পর ‘ভৈরব থানার সামনে বোমা বিস্ফোরণ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান শোনা যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী পথচারী দ্বীন ইসলাম মোবাইল ফোনে জানান, তাঁর সামনেই চলন্ত মোটরসাইকেল থেকে থানার প্রধান ফটকের সামনে মহাসড়কে ককটেল নিক্ষেপ করা হয়। এতে বিকট শব্দ হলে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। শব্দ শুনে থানার ভেতর থেকে কয়েকজন পুলিশ সদস্যও সড়কে বেরিয়ে আসেন। তিনি বলেন, হাসপাতালে রোগী দেখতে যাওয়ার পথে এ ঘটনা দেখে তিনিও আতঙ্কিত হয়ে পড়েন।

এ বিষয়ে ভৈরব থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, থানার সামনে কোনো ককটেল বিস্ফোরণ হয়নি। ট্রাকের চাকা ব্লাস্ট হয়েছে।

তবে প্রত্যক্ষদর্শীর বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সঙ্গে পুলিশের বক্তব্যের অসংগতি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

 

বর্তমানদিন/ফআ



  
  সর্বশেষ
আন্তর্জাতিক স্বীকৃতি পেল ইনভেস্ট বাংলাদেশ
হজের খরচের অর্থ সৌদিতে পাঠানোর নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক
১০ পণ্য আমদানিতে ছাড়, ৯০ দিনের বাকিতে এলসি সুবিধা
‘জলবায়ু ফোরামে সৌরবিদ্যুৎ ও নদী খনন কর্মসূচি তুলে ধরবেন প্রধানমন্ত্রী’

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com