আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের দাবিতে রাস্তায় নেমেছেন হাজারো ইসরায়েলি। এ লক্ষ্যে বিরোধী দলগুলোর প্রতি নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন তারা।
শনিবার (৩১ অক্টোবর) তেল আবিবের হাবিমা স্কয়ারে প্রায় দুই হাজার মানুষ জড়ো হন। এ সময় তারা স্লোগান দেন, ‘ইহুদি ও আরবরা একে অপরের শত্রু হতে চায় না’, ‘বর্ণবাদের বিরুদ্ধে, সম্প্রীতির পক্ষে’। বিক্ষোভকারীদের হাতে বেনিয়ামিন নেতানিয়াহুবিরোধী বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ডও ছিল।
এ সময় বিক্ষোভকারীরা গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোটের উদ্দেশ্যে বলেন, নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরবদের আসনসহ তাদের সামনে ৬৭টি আসন রয়েছে।
গত মঙ্গলবারে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের ২৬তম নির্বাচন হয়। ওই নির্বাচনে আরব দলগুলো রেকর্ড ১৯টি আসন পায়। এরফলে এখন ইসরায়েলের নতুন সরকার গঠনের ক্ষেত্রে তারা কিংমেকার হিসেবে পরিণত হয়েছে। তারা যাকে সমর্থন দেবে তারাই এখন সেখানে সরকার গঠন করতে পারবে।
তবে নির্বাচনের আগে গাদি আইজেনকট জানিয়েছিলেন, আরবদের সঙ্গে তিনি কোনো জোট করবেন না। তবে নির্বাচনের পর এখন আরবদের সঙ্গে হাত মেলাতে তার ওপর চাপ বাড়ছে।
আল-জাজিরার সংবাদদাতা নূর ওদেহ শনিবার রামাল্লা থেকে বলেন, পরিবর্তনের লক্ষ্যে দেওয়া ভোটের ফল কার্যকর হোক এমন প্রত্যাশা ইসরায়েলের অনেক মানুষের। তাদের বিশ্বাস, গাদি আইজেনকোতসহ ইহুদি-ইসরায়েলি রাজনৈতিক দলগুলোর নেতাদের জনগণের এই আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত।
আরবদের সঙ্গে জোট করা নিয়ে ইহুদি ইসরায়েলিরা যখন বিক্ষোভ করছিলেন, শনিবার (৩১ অক্টোবর) হাবিমা স্কয়ারে নেতানিয়াহুর প্রায় ২০০ সমর্থক বিক্ষোভ করেছেন। তাদের দাবি, আরব দলগুলো নির্বাচন ‘চুরি’ করেছে। বিক্ষোভকারীদের ‘ইহুদি রাষ্ট্র’, ‘সন্ত্রাসীদের গাজায় পাঠাও, সরকারে নয়’ এমন স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভে কয়েক তরুণ বর্ণবাদী স্লোগানও দেন।
ইসরায়েলের নেসেটে আসন রয়েছে ১২০টি। কোনো দল বা জোট সরকার গঠন করতে চাইলে তাদের অন্তত ৬১টি আসনে জিততে হবে। তবে এই ম্যাজিক ফিগার কেউ পায়নি। তবে বিরোধী নেতা আইজেনকোত যদি আরবদের সঙ্গে জোট করেন তাহলে তারা খুব সহজে সরকার গঠন করতে পারবেন।
সূত্র: আল-জাজিরার
বর্তমানদিন/ফআ