রবিবার, আগস্ট ২৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
আয়ান শর্মাকে ঘিরে অপপ্রচার-ষড়যন্ত্রের প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম; সাংবাদিক-নাগরিকদের বিক্ষোভ
  Date : 22-08-2026
Share Button

ভাদ্রের তপ্ত দুপুর। জুমার নামাজের আগে চট্টগ্রামের চেরাগি পাহাড় মোড় ছিল অনেকটাই নীরব। তবে নামাজ শেষে বদলে যায় দৃশ্যপট। তীব্র রোদ উপেক্ষা করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হতে থাকেন গোলচত্বরে। একপর্যায়ে সাংবাদিক, আইনজীবী, ছাত্রনেতা, শ্রমিক, পেশাজীবী ও সাধারণ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মার বিরুদ্ধে কথিত অপপ্রচার, মিথ্যাচার, ষড়যন্ত্র ও হুমকির প্রতিবাদে শুক্রবার (২১ আগস্ট) এই কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজকদের দাবি, এটি কোনো রাজনৈতিক দল বা নির্দিষ্ট সংগঠনের কর্মসূচি নয়; বরং সাংবাদিক, ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষের উদ্যোগে আয়োজিত একটি নাগরিক প্রতিবাদ।

মানববন্ধনে অংশ নেওয়া নানা শ্রেনীপেশার মানুষ বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন চেরাগি পাহাড় মোড়। তাদের কণ্ঠে শোনা যায়—‘আয়ান শর্মার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’। একই সঙ্গে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করা এবং হুমকি-হয়রানি বন্ধের দাবিও জানানো হয়।

পুরোনো অভিযোগ, নতুন করে বিতর্ক

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি নিয়ে সংবাদ প্রকাশের কারণে চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মা একটি শিল্পগোষ্ঠীর রোষানলে পড়েছিলেন। তাদের দাবি, সে সময় সরকারি প্রভাব ব্যবহার করে পত্রিকাটির প্রকাশনা বন্ধ এবং আয়ান শর্মাকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করা হয়েছিল।

বক্তারা আরও অভিযোগ করেন, তাকে গোয়েন্দা সংস্থার মাধ্যমে হুমকি দেওয়ার পাশাপাশি একাধিক মামলায় আসামি করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সমাবেশে বক্তারা বলেন, সরকার পরিবর্তনের পর কিছুদিন পরিস্থিতি শান্ত থাকলেও সম্প্রতি একটি মহল বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীকে ব্যবহার করে আয়ান শর্মার বিরুদ্ধে নতুন করে অপপ্রচার চালাচ্ছে বলে তারা মনে করছেন। সাংবাদিকদের পেশাগত কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিত প্রচারণা চালানো হলে তা গণমাধ্যমের স্বাধীনতার ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেন তারা।

‘অপপ্রচার বন্ধ না হলে অনুসন্ধানী প্রতিবেদন’

বক্তারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা তথ্য, হুমকি কিংবা পরিকল্পিত অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব কর্মকাণ্ড বন্ধ না হলে এর নেপথ্যে থাকা ব্যক্তি ও গোষ্ঠীগুলোর বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হবে বলেও হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

চট্টগ্রাম প্রতিদিনের সিনিয়র রিপোর্টার জুলহাজ নীলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন দ্য ফিন্যান্স টুডের সম্পাদক ও সম্পাদক-প্রকাশক পরিষদের সদস্য সচিব মতিউর রহমান, দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক ও সম্পাদক-প্রকাশক পরিষদের যুগ্ম আহ্বায়ক খায়রুল আলম রফিক, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইকবাল, চট্টগ্রাম আইনজীবী সমিতির সহসাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জাতীয় বাণিজ্য জগতের সম্পাদক আনিছুর রহমান সাব্বির, সিনিয়র সাংবাদিক সোহাগ আরেফিন, সিনিয়র সাংবাদিক ছিব্বির আহমেদ ওসমান, সাংবাদিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মিজান উল্লাহ সমরকন্দি, ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুর রহমান, সমাজসেবক সাইদুর রহমান রিমন, চট্টগ্রাম প্রতিদিনের সিনিয়র রিপোর্টার ইসমত মর্জিদা ইতি, সনাতনী ছাত্রনেতা সীমান্ত দত্ত ঋজু এবং চট্টগ্রাম প্রতিদিনের স্টাফ রিপোর্টার ইমরান আহমেদ।

এছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক কামরুজ্জামান রনি, সনাতনী সংগঠনের কর্ণধার অশোক চক্রবর্তী, স্বাধীন বাংলা নিউজের প্রধান সম্পাদক সালাউদ্দিন মিঠু, জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের মহিলা সম্পাদিকা দীপ্তি চৌধুরী দিপা, সাংবাদিক সাত্তার সিকদার, কাউসার আলম, নুরুল আলম, মুহাম্মদ ইউনুস, সৈয়দ নজরুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, আইনজীবী, ছাত্রনেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রতিবাদ র‍্যালি

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে একটি প্রতিবাদ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চেরাগি পাহাড় মোড় থেকে শুরু হয়ে জেএমসেন হল চত্বর ঘুরে চট্টগ্রাম প্রেস ক্লাব হয়ে জামালখানে চট্টগ্রাম প্রতিদিন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে অংশ নেওয়া ব্যক্তিরা ‘আয়ান শর্মার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘সাংবাদিককে হুমকি, মানি না, মানবো না’ এবং ‘মিথ্যা প্রচার-হুলিয়া, নিতে হবে তুলিয়া’—এমন বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচি থেকে সাংবাদিকদের স্বাধীন ও নিরাপদভাবে কাজের পরিবেশ নিশ্চিত করা, অপপ্রচার ও হুমকি বন্ধ এবং সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানানো হয়।

বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে যেকোনো ধরনের হুমকি, হয়রানি বা পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ থাকলে তা রাজনৈতিক বা প্রাতিষ্ঠানিক প্রভাবমুক্তভাবে তদন্ত করা জরুরি। একই সঙ্গে সত্য প্রকাশের কারণে কোনো সাংবাদিক বা গণমাধ্যম যাতে প্রতিহিংসা কিংবা চাপের মুখে না পড়ে, সেই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।



  
  সর্বশেষ
শিক্ষার্থীদের নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান ঢাকা জেলা প্রশাসকের
নিরাপত্তা ও পর্যটনের ভবিষ্যৎ রক্ষায় কক্সবাজারকে মানব পাচার ও অপরাধমুক্ত করতে হবে
মালয়েশিয়ার শ্রমবাজারে ফের সিন্ডিকেটের শঙ্কা
বন্ড সুবিধার আড়ালে ‘হোয়াইট কলার ক্রাইম’

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com