বর্তমানদিন ডেস্ক
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সাবেক সদস্যসচিব মাহদী হাসানের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসার বিদ্যুতের মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গোপায়া ইউনিয়নের পশ্চিম ভাদৈ গ্রামে এ ঘটনা ঘটে। তবে ঘটনাস্থল পরিদর্শন করে পেট্রলবোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তাদের দাবি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
মধ্যরাতে ফেসবুক লাইভে এসে মাহদী হাসান অভিযোগ করেন, দুর্বৃত্তরা তাদের বসতঘরের টিনের চাল লক্ষ্য করে পরপর দুটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এ ছাড়া তার ছোট চাচা আনোয়ার আলীর ঘরের বৈদ্যুতিক মিটার লক্ষ্য করে আরেকটি পেট্রলবোমা ছোড়া হয়। এতে মিটারটি পুড়ে যায়।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, মাহদীর বাড়ির সামনের দিকে তার চাচার ঘরের বৈদ্যুতিক মিটার থেকে ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়া হয়। ওই মিটারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরো বলেন, আগুন দেখে মাহদীসহ পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে আসেন। তবে ফেসবুক লাইভে মাহদী পেট্রলবোমা নিক্ষেপের যে অভিযোগ করেছেন, ঘটনাস্থলে তার কোনো আলামত পাওয়া যায়নি। পেট্রলবোমা নিক্ষেপের ঘটনাও ঘটেনি বলে দাবি করেন তিনি।
বর্তমানদিন/ফআ