নিজস্ব প্রতিবেদক
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক ও দাম সহনীয় রাখতে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেলসহ ১০ ধরনের পণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিনের বাকিতে ঋণ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার(১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা এক সার্কুলারে এ সুবিধার কথা জানানো হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, সরবরাহকারী বা ক্রেতার ঋণের (সাপ্লায়ার্স ক্রেডিট/বায়ার্স ক্রেডিট) আওতায় এসব পণ্য সর্বোচ্চ ৯০ দিনের বাকিতে বিলম্বিত পরিশোধের শর্তে আমদানি করা যাবে।
সার্কুলার অনুযায়ী, বাকিতে আমদানির সুবিধা পাওয়া পণ্যগুলো হলো—চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল (সয়াবিন ও পাম অয়েল), চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর। বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে প্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এ নির্দেশনা আগামী ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে। তবে এ বিষয়ে অন্যান্য বিদ্যমান নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
বর্তমানদিন/ফআ