সোমবার, নভেম্বর ২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
মিরপুরে আজও শ্রমিকদের জড়ো হওয়ার চেষ্টা, পুলিশের ধাওয়া
  Date : 02-11-2026
Share Button

নিজস্ব প্রতিবেদক

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে সোমবার সকালেও পোশাকশ্রমিকেরা জড়ো হওয়ার চেষ্টা করেছেন। সকাল ৯টার দিকে মিরপুর-১৪ নম্বর এলাকা থেকে শ্রমিকদের একটি দল মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। একই সময়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বরেও শ্রমিকদের আরেকটি দল জড়ো হয়। একপর্যায়ে পুলিশ ধাওয়া দিলে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মিরপুর-১৪ নম্বর এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা রাস্তায় নামেন। তারা মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরের দিকে অগ্রসর হতে চাইলে আগে থেকে অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা তাদের বাধা দেন। শ্রমিকেরা বাধা অতিক্রমের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দেয়।

এদিকে একই সময়ে মিরপুর-১০ নম্বর এলাকায় শ্রমিকদের আরেকটি দল জড়ো হয়। এতে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ধাওয়া দিলে শ্রমিকেরা মিরপুর-১১ নম্বরের দিকে সরে যান। এরপর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় দোকানি আব্দুল জাহের বলেন, সকাল ৯টার দিকে শ্রমিকেরা মিরপুর-১০ নম্বর মোড়ে আসেন। কিছুক্ষণ সেখানে অবস্থান করায় যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। এরপর থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতিও শান্ত রয়েছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, আজ সকালেও শ্রমিকেরা রাস্তায় নামার চেষ্টা করেন। পুলিশ তাদের সরিয়ে দিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত শনিবার থেকে মিরপুরে অসন্তোষ শুরু হয়। রোববার সকাল থেকে মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। একপর্যায়ে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় ওই এলাকার যান চলাচল ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

এর মধ্যে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠনের কথা জানানো হয়েছে। তবে শ্রমিকদের দাবি ও অসন্তোষ পুরোপুরি প্রশমিত হয়নি। এরই ধারাবাহিকতায় সোমবার সকালেও মিরপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকদের জড়ো হওয়ার চেষ্টা দেখা যায়।

 

বর্তমানদিন/ফআ

 



  
  সর্বশেষ
গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী
মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
এক দিনে ৫২৯ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
মিরপুরে আজও শ্রমিকদের জড়ো হওয়ার চেষ্টা, পুলিশের ধাওয়া

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com