নিজস্ব প্রতিবেদক
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার ৬ দশমিক ৭১ শতাংশ কমেছে। তার প্রভাব পড়েছে শতভাগ পাস শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও। এবার শতভাগ পাস শিক্ষাপ্রতিষ্ঠান কমেছে।
ফল পর্যালোচনায় দেখা যায়, এ বছর ৯ হাজার ৩৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তার মধ্যে মাত্র ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাস অর্জন করেছে।
গত বছর অর্থাৎ ২০২৫ সালে শতভাগ পাস শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৪৫টি। সেই হিসাবে এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় শতভাগ পাস শিক্ষাপ্রতিষ্ঠান কমেছে ২০৬টি।
অন্যদিকে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থী পাস করেননি। গত বছর শূন্যপাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। সেই হিসাবে এবার শূন্যপাস প্রতিষ্ঠান বেড়েছে ৯১টি।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ফল প্রকাশ করা হয়। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে একযোগে সারাদেশে ফল প্রকাশের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সেখানেই ফলাফলের এ সারসংক্ষেপ তুলে ধরা হয়।
ফল বিশ্লেষণে দেখা যায়, ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। এর চেয়ে কম পাসের হার সর্বশেষ ছিল ২০০৪ সালে। ওই বছর এইচএসসিতে পাস করেছিলেন ৪৭ দশমিক ৭৪ শতাংশ শিক্ষার্থী। এরপর এইচএসসিতে পাসের হার আর কখনো এর চেয়ে নিচে নামেনি। সেই হিসাবে গত ২১ বছরের মধ্যে এবারই পাসের হার সবচেয়ে কম।
বর্তমানদিন/ফআ