দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন আক্রান্ত ১৬০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১৭১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ২২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৯ জন, খুলনা বিভাগে ২৭৬ জন, রাজশাহী বিভাগে ১৩২ জন, বরিশাল বিভাগে ২১৫ জন, ময়মনসিংহ বিভাগে ৭৯ জন এবং রংপুর বিভাগে ৬২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৮৪ হাজার ৩৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২৫৬ জন।