প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত "ক্লীন ঢাকা-গ্রীন ঢাকা" গড়ার লক্ষ্যে আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল মেছের অতীতের ন্যায় এখনও স্বপ্রনোদিত হয়ে জনসেবায় কাজ করে যাচ্ছেন। ২৩ নং ওয়ার্ডকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও আবর্জনামুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন তিনি।
সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ওয়ার্ডভিত্তিক বিশেষ প্রতিবেদন প্রকাশ করছে `দৈনিক বর্তমান দিন`। এরই ধারাবাহিকতায় `বর্তমান দিনে`র একটি চৌকস টীম ২৩ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শনকালে নাগরিক সেবায় কিছু ঘাটতি পর্যবেক্ষণ করে। মালিবাগ চৌধুরীপাড়ার আনসার বাহিনীর গ্যারেজ সংলগ্ন গলি, মালিবাগ বাজার রোডের গলিতে সিটি কর্পোরেশনের লাইট বন্ধ থাকতে দেখা যায়। এই বিষয়ে স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা ডিএনসিসির কর্মীদের দায়িত্বে অবহেলার অভিযোগ করেন।
এসময় স্থানীয় এক ক্ষুদ্র ব্যবসায়ী এই বিষয়ে অভিযোগ জানাতে এলাকার রাজনৈতিক অভিভাবক হিসেবে আবুল মেছেরের মুঠোফোনে যোগাযোগ করেন। এই প্রতিবেদকের উপস্থিতিতেই উক্ত ব্যবসায়ী আবুল মেছেরের নিকট রাস্তার ল্যাম্পপোস্টে লাইট লাগানোর জন্য ডিএনসিসি কর্তৃপক্ষকে বলার অনুরোধ করেন।
আবুল মেছের বলেন, ডিএনসিসি কবে লাইট লাগাবে সেজন্য অপেক্ষা করতে হবে না। আমি নির্বাচিত হয়ে মানুষের সেবা করবো বলে রাজনীতি করি না। আপনারা আমার নিকটজন। প্রয়োজনে নিজের টাকা দিয়ে লাইট কিনে লাগিয়ে দিবো। আগামী ২৪ ঘন্টার মধ্যে লাইট লাগানোর ব্যবস্থা করবেন বলে তিনি আশ্বস্ত করেন উক্ত ব্যবসায়ীকে। এই কথোপকথন শেষ হওয়ার কিছুক্ষনের মধ্যেই সেখানে উপস্থিত হন আবুল মেছেরের একজন প্রতিনিধি। তিনি ল্যাম্পপোস্টগুলোর ছবি তুলে নিয়ে যান এবং দ্রুত লাইট লাগানো হবে বলে জানান।
পরেরদিন সকালেই সিটি কর্পোরেশন থেকে লোক এনে ল্যাম্পপোস্টগুলোতে লাইট লাগানোর ব্যবস্থা করে দেন বর্ষীয়ান রাজনীতিবিদ আবুল মেছের। এসময় তিনি এলাকাবাসীর যে কোনও সমস্যায় পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন এবং নিজের অনুসারী এবং দলীয় নেতাকর্মীদের এলাকার যেকোন সমস্যার বিষয়ে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দেন।
এর আগে, কাউন্সিলর পদপ্রার্থীদের বিষয়ে আলাপচারিতায় স্থানীয় এলাকাবাসীর মুখে আলহাজ্ব আবুল মেছেরের নাম উঠে আসে। যে কোন সমস্যার বিষয়ে তাকে জানানো হলে তিনি সাধ্যমতো চেষ্টা করেন বলে জানান স্থানীয়রা। এলাকার বেশ কয়েকজন বাসিন্দা এই প্রতিবেদককে বলেন, "সবাই বলে `আমি নির্বাচিত হলে এটা করব ওটা করব` অন্যদিকে এলাকার যে কোন সমস্যার বিষয়ে আলহাজ্ব আবুল মেছেরকে জানানো হলে তিনি দ্রুত ব্যবস্থা নেন। একজন জনপ্রতিনিধির কাছে এমন সহযোগিতাই তো প্রত্যাশা করি আমরা।
সার্বিক বিষয়ে জানতে চেয়ে যোগাযোগ করা হলে নিজের গাড়ি পাঠিয়ে `দৈনিক বর্তমান দিন` এর প্রতিনিধিদলকে নিজ কার্যালয়ে ডেকে নেন আলহাজ্ব আবুল মেছের। পরে, একান্ত আলাপচারিতায় এই প্রতিবেদককে তিনি বলেন `আমি রাজনীতি করছি জনগনের জন্য। নির্বাচন হতে দেরি আছে বলে কি সেবা করা বন্ধ থাকবে। না, প্রয়োজনে আমার টাকা দিয়ে লেবার ভাড়া করে এনে হলেও জনস্বার্থে এসব সমস্যা সমাধান করবো।"
তিনি আরও বলেন, ২৩ নং ওয়ার্ডে অবকাঠামোগত কিছু সমস্যা আছে। এছাড়া গ্যাস ও পানির সমস্যা তো দীর্ঘদিনের। তবে এই ওয়ার্ডের মূল সমস্যা সন্ত্রাস ও মাদক। এসব সমস্যা সমাধানে আমি সাধ্যমতো চেষ্টা করছি। নির্বাচনে জয়ী হতে পারলে আমার জন্য আরও সহজ হবে নাগরিক সেবা নিশ্চিত করতে। সন্ত্রাস ও মাদক নির্মূলে সবাইকে সাথে নিয়েই আমি কাজ করতে চাই।
এসময় তিনি নিয়মিত ২৩ নং ওয়ার্ড পরিদর্শন এবং সমস্যা চিহ্নিত করতে গনমাধ্যমের সার্বিক সহযোগিতা কামনা করেন। এই প্রতিবেদকের মাধ্যমে আলহাজ্ব আবুল মেছের এলাকাবাসীকে বাড়ির চারপাশ পরিষ্কার রাখার পাশাপাশি সংলগ্ন ড্রেন ও নালা নিয়মিত পরিষ্কার রাখার অনুরোধ করেন। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে মশার বংশবিস্তারের স্থান ধ্বংস করা এবং নিয়মিত পর্যবেক্ষণ করতে সবাইকে বিনীত অনুরোধ করেন।